পুলিশের গাড়িতেই সড়ক দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী মোড় থেকে রিং রোড ধরে কিছু দূর গেলে রাস্তার ডান পাশে আদাবর থানা। তবে প্রথম দৃষ্টিতে থানার বদলে একে অবশ্য অন্য কোনো বাণিজ্যিক ভবন বলেই মনে হয়। ছয়তলা থানা ভবনের নিচতলায় চলছে ব্যবসা প্রতিষ্ঠান, ওপরের পাঁচতলায় চলে থানার কার্যক্রম। জামাকাপড়, ইলেকট্রনিকস পণ্যের দোকানের মধ্যে থানায় ওঠার সিঁড়িটা চোখে পড়ে না বললেই চলে।
ভবনের সামনের রাস্তায় পড়ে আছে জব্দ করা চারটি মোটরসাইকেল। পাশেই রাস্তা দখল করে অলস দাঁড়িয়ে আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি। একটু পরে সেখানে এসে থামল পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনাও। এসব যানবাহনে থানা ভবনের সামনের রাস্তার প্রায় অর্ধেকটা বন্ধ। রাজধানীর আদাবর থানায় গতকাল সরেজমিনে দেখা গেল এমন চিত্র।
বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, থানা ভবনের পাশেই রাস্তা দখল করে গাড়ি মেরামত করছেন একটি গ্যারেজের কর্মচারীরা। ভবনের সামনে ফুটপাত দখল করে দোকান সাজানোর কাজ করছে আরেকটি প্রতিষ্ঠান। থানার উল্টো দিকে তৈরি হচ্ছে একটি বহুতল ভবন। এর নির্মাণসামগ্রী দখল করে আছে রাস্তার কিছু অংশ। একটু পরপরই সেখানে হাঁটাচলা করছে থানার পুলিশ। তবে রাস্তা কিংবা ফুটপাত দখলের দিকে তাদের খেয়াল আছে বলে মনে হলো না।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘উল্টো দিকের বিল্ডিং দেখা আমার (থানার) আওতায় পড়ে না। ওটা মোহাম্মদপুর থানার ভেতরে। আর রাস্তা ও ফুটপাত দখল বিষয়ে আমরা নিয়মিতই কাজ করি। এই কাজটা আসলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে করার কথা। কিন্তু তারা সেটা করেই না। সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তাহলে কোনো সমস্যা হয় না। অবকাঠামোগত সমস্যার কারণে আমরা নিজেদের গাড়ি সামনের রাস্তায় রাখতে বাধ্য হই।’
নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোহাম্মদপুর থানার একাংশ নিয়ে ২০০৫ সালে গঠিত হয় আদাবর থানা। প্রতিষ্ঠার পর ১০ বছর পেরিয়ে গেলেও এখনো থানার স্থায়ী ভবন তৈরি হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুরু থেকেই এই ভাড়া করা ভবনে চলছে থানার কার্যক্রম। অচিরেই এই অবকাঠামোগত সমস্যা সমাধানেরও কোনো সম্ভাবনা নেই।