কারা কর্তৃপক্ষের গাড়ির ধাক্কা, প্রাণ গেল মা-ছেলেসহ পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদরের পাগলাপীর এলাকার ঠাকুরপাড়ায় ক্ষুব্ধ জনতার ধরিয়ে দেওয়া আগুনে পুড়ে যাওয়া কারা পুলিশের গাড়ি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রংপুর সদরের পাগলাপীর এলাকার ঠাকুরপাড়ায় ক্ষুব্ধ জনতার ধরিয়ে দেওয়া আগুনে পুড়ে যাওয়া কারা পুলিশের গাড়ি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

রংপুর জেলা কারা কর্তৃপক্ষের গাড়ির ধাক্কায় রিকশাভ্যানে থাকা মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এর পর পর ক্ষুব্ধ জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রংপুরের কোতোয়ালি থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যায় পাগলাপীরের ঠাকুরপাড়ায় কারা কর্তৃপক্ষের একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের পাঁচজন যাত্রী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে জনতা। তারা কারা কর্তৃপক্ষের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে লোকজনের ভিড়ের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারা কর্তৃপক্ষের গাড়িটি পুড়ে যায়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, কারা কর্তৃপক্ষের গাড়িটি একজন কারা কর্মকর্তাকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়ে রংপুর কারাগারে ফিরছিল।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, আইরিন আক্তার (৩৫), তাঁর ছেলে সাজ্জাদ (৬), আলীম উদ্দিন (৬৫), ধনঞ্জয় রায় (৩৩) ও সবিল হাজী (৬৫)। তাঁদের বাড়ি রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায়।