পুলিশের গাড়ির ধাক্কায় ফায়ার স্টেশনের ইনচার্জ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. পেয়ার আহমদ (৫২) নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে চর সেকান্দার এলাকায় ফায়ার স্টেশনের সামনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পেয়ার আহমদ রামগতি ফায়ার স্টেশনে ‘ফায়ার লিডার’ ছিলেন। তিনি একই স্টেশনের ইনচার্জের দায়িত্বও পালন করছিলেন। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার নয়নপুর এলাকায় বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানদার মো. বশির আহমদ জানান, গতকাল রাত দুইটার দিকে বুকে অ্যাসিডজনিত ব্যথার কারণে পেয়ার আহমদ তাঁর দোকানে যান। তিনি জানান, পেয়ার আহমদ তাঁকে সঙ্গে নিয়ে পাশের একটি ওষুধের দোকানে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা রামগতি থানার টহল পুলিশের একটি পিকআপ ভ্যান আকস্মিকভাবে ধাক্কা দিলে পেয়ার আহমদ মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

রামগতি ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় পুলিশের ওই পিকআপ ভ্যানে করেই রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক পেয়ার আহমদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।