ঢাকার সাভারের ডগরমোড়া এলাকার একটি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা গতকাল রোববার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের গুলি ও লাঠিপেটায় ২০ শ্রমিক আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণ ও সংস্কারকাজের কথা বলে গত ১২ সেপ্টেম্বর ডগরমোড়া এলাকার ডানা গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ ঘোষণা করে। গতকাল কারখানাটি খুলে দেওয়ার কথা ছিল। শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানা বন্ধ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। শ্রমিকেরা মারমুখী হয়ে উঠলে পুলিশ রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিপেটায় ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার বলেন, সংস্কারকাজের দোহাই দিলেও মূলত ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। এরপর কারখানা খুলে না দিয়ে যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়া হয়। গতকাল শ্রমিকেরা কারখানায় গিয়ে এসব বিষয়ে অবগত হয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ অহেতুক তাঁদের লাঠিপেটা করে ও গুলি ছোড়ে।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। লাঠিপেটা ও গুলির অভিযোগ সত্য নয়।