পুলিশের গুলিতে আহত এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের সময় গত রোববার সন্ধ্যায় শহরের বাতেন খাঁর মোড়ে পুলিশের শটগানের গুলিতে আহত ফুটপাতের দোকানদার এবাদত (৩২) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি রেহাইচর আদর্শপাড়ার মহসিন আলীর ছেলে।

ঘটনাস্থলের আশপাশের দোকানদার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাতেন খাঁর মোড়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ শটগানের গুলি এবং রাইফেলের ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের গুলিতে ফুটপাতের বড়া বিক্রেতা এবাদত আহত হন। প্রথমে তাঁকে সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার দুপুরে মহসিন আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, এবাদতের শার্ট নিয়ে আহাজারি করছেন ছোট বোন সাদেকা বেগম। পুলিশের টহল দলের নেতৃত্বে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর এ ব্যাপারে বাদী হয়ে একটি মামলা করেছেন। তিনি জানান, জামায়াত-শিবিরের একটি দল রোববার সন্ধ্যায় বাতেন খাঁর মোড়ে মিছিল করার সময় পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।

জীবন রক্ষার্থে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এ সময় এবাদত কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা তাঁদের জানা নেই। এ মামলায় এবাদতকেও আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, এবাদত জামায়াত-শিবিরের হামলাকারীদের সঙ্গে ছিল। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।