পুলিশের গুলিতে আহত ডাকাতি মামলার আসামি দেলোয়ারের মৃত্যু
পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের গুলিতে আহত ডাকাতিসহ একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
গত সোমবার দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা এলাকায় ভজনপুর হাইওয়ে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। ওই দিনই প্রথমে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পঞ্চগড়ের এএসপি সার্কেল মো. কফিলউদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনার দিনই দেলোয়ারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
পঞ্চগড়ের এএসপি সার্কেল মো. কফিলউদ্দিন জানান, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তেঁতুলিয়া ও পঞ্চগড় থানায় ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে।
ভজনপুর হাইওয়ে থানা সূত্র জানায়, গত সোমবার দেলোয়ার মোটরসাইকেলে যাওয়ার সময় ভজনপুর হাইওয়ে পুলিশ মাগুরমারী চৌরাস্তা এলাকায় গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ভাইসহ তাঁর লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। হাইওয়ে পুলিশ তাঁদের বাঁধা দেয়। বাধা সত্ত্বেও পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ তিনটি গুলি চালায়। পুলিশের একটি গুলি দেলোয়ারের পেটের বাঁ পাশে লাগে বলে জানায় পুলিশ।