পুলিশের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার সদর উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গুলিতে আবুল বাসার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, নিহত বাসার একাধিক মামলার আসামি। ছিনতাই শেষে পালানোর সময় গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।বাসারের পরিবারের দাবি, বাসারকে গ্রেপ্তারের জন্য উপজেলার পারলা গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামানের ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি শহরের ঢাকা রোড এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ছিনতাই হতে দেখে তিনি ছিনতাইকারী বাসারকে (৪০) ধাওয়া দেন। বাসার তখন পাশের সাতদোহা সড়কে ঢুকে পড়েন। পরে তাঁর (এসআই) দিকে পিস্তল তাক করেন বাসার। তখন তিনি জীবন বাঁচাতে বাসারকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এতে তিনি আহত হন। রাত পৌনে চারটার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।সদর হাসপাতালের চিকিৎসক মো. সাইফুর রহমান বলেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলাকালে মারা যান।বাসারের এক জ্ঞাতি ভাই গণমাধ্যমকর্মীদের বলেন, রাত পৌনে তিনটার দিকে পুলিশের দুজন সদস্য বাসারের বাড়িতে অভিযান চালান। দরজা খুলে পুলিশ দেখে দৌড় দেন তিনি। এ সময় পুলিশ তাঁকে গুলি করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বাসারের বিরুদ্ধে ছিনতাই-ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।