পুলিশের গুলিতে দুই 'বনদস্যু' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বড় কুপোট গ্রামের নওয়াবেকী খোলপেটুয়া নদীর ধারে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আলিমুদ্দীন গাজীর ছেলে আলাল গাজী ওরফে আলাউদ্দীন (৪৫) ও সোরা গ্রামের রশিদ সরদারের ছেলে সাইদুল সরদার (৩০)। পুলিশের দাবি, দুজনই বনদস্যু। আলালের নামে একটি অস্ত্র মামলাসহ তিনটি মামলা রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্যমতে, বনদস্যু আলাল বাহিনীর প্রধান আলালের নেতৃত্বে বনদস্যুরা রাতে নওয়াবেকী এলাকা হয়ে সুন্দরবনে প্রবেশ করবে—এ রকম একটি খবর তাঁরা জানতে পারেন। এ খবরের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের ও এসআই নাজমুল হাসান পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় যান। রাত ১০টার দিকে সেখানে পুলিশের দলটি পৌঁছামাত্র বনদস্যুরা পাশের একটি ইটভাটার মধ্যে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আলাল ও সাইদুল গুলিবিদ্ধ হন। দুজনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোপাল বিশ্বাস বলেন, নিহত দুজনের বুকেসহ শরীরের একাধিক স্থানে গুলির ক্ষত রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।
ওসি দাবি করেন, বনদস্যুদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন এসআই নাজমুল হাসান ও আবদুল কাদের এবং কনস্টেবল সোনা মিঞা। তাঁদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি গুলি, একটি শাটারগান এবং তিনটি দা উদ্ধার করেছে।