পুলিশের গুলিতে বিএনপির নেতা নিহত
সাতক্ষীরায় সদর হাসপাতালে আজ শুক্রবার গুলিবিদ্ধ বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম এস এম বিপ্লব (৩৭)।
বিপ্লব তালা উপজেলা বিএনপির সহসম্পাদক ও জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। বিপ্লবের বাড়ি তালা উপজেলার দোহার গ্রামে।
নিহত বিপ্লবের পরিবারের দাবি, তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করা হয়। পুলিশের ভাষ্য, তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের সংগঠিত করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বক্কর সিদ্দিকের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনিসংলগ্ন এলাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নেতাদের সংঘবদ্ধ করে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা একপর্যায়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। পরে জানা যায় তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সক্রিয় সদস্য।
নিহত বিপ্লবের মা হালিমা খাতুন ও ভাই আবদুর রহিমের ভাষ্য, জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাঁদের অনেক দিন ধরে বিরোধ চলছে। গতকাল রাত সোয়া ১২টার দিকে পুলিশ ও প্রতিপক্ষসহ ২০-২৫ জন তাঁদের বাড়ি ঢুকে বিপ্লবকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তাঁদের চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে পুলিশ তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় প্রতিবেশী সাফায়েত মোড়ল সামান্য আহত হন। পরে বিপ্লবকে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করে নিয়ে যাওয়া হয়।
ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা জানতে পারেন, বিপ্লবকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর থানায় ভর্তি করা হয়েছে। তাঁদের দাবি, বিপ্লবের নামে শত্রুতামূলকভাবে একটি হত্যাসহ দুটি মামলা দেওয়া হয়। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
বিপ্লবের পরিবারের অভিযোগ, বিপ্লবকে হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সকের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। মৃত্যুর জন্য তাঁদের অবহেলা রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবদুল গফুর জানান, গুলিবিদ্ধ অবস্থায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে বিপ্লবকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় মারাত্মক আঘাত ও ডান পায়ের ঊরু গুলিবিদ্ধ ছিল। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তাঁকে রক্ত ও প্রাথমিক চিকিত্সা দিয়ে বিশেষজ্ঞ চিকিত্সককে বারবার মুঠোফোনে কল দেওয়া হয়েছে। কিন্তু তিনি ধরেননি। আজ সকাল সাতটা পাঁচ মিনিটে তিনি মারা যান।
তালা থানার ওসি জানান, বিপ্লবের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।