পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের গুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একজন কর্মকর্তাও আহত হন। পুলিশের বিবরণ অনুযায়ী, সোমবার রাতে পুলিশের একটি দল ভাড়া করা মাইক্রোবাসে বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল। মাইক্রোবাসটি রাত তিনটার দিকে বকুলতলা এলাকায় পৌঁছায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১৪-১৫ জন ডাকাত সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে। পরে মাইক্রোবাসে হামলা চালায়। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের এক সদস্যের মাথায় গুলি লাগে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি আমির হোসেন গতকাল সন্ধ্যায় জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।