পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের গুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। গত সোমবার গভীর রাতে শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একজন কর্মকর্তাও আহত হন। পুলিশের বিবরণ অনুযায়ী, সোমবার রাতে পুলিশের একটি দল ভাড়া করা মাইক্রোবাসে বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল। মাইক্রোবাসটি রাত তিনটার দিকে বকুলতলা এলাকায় পৌঁছায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি ডাকাত দল সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে। পরে মাইক্রোবাসে হামলা চালায়। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের এক সদস্য মাথায় গুলিবিদ্ধ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। ময়নাতদন্তের পর তার লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাত দলের হামলায় আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।