পুলিশের গ্রেপ্তারের ক্ষমতা কমালে মানবাধিকার লঙ্ঘন কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ফৌজদারি বিচার প্রশাসনের অবস্থা নাজুক। দেশগুলোতে গ্রেপ্তার করতে পুলিশের হাতে অত্যধিক ক্ষমতা দেওয়ার ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে প্রায়ই। এ ক্ষমতা কমালে লঙ্ঘনের পরিমাণ অনেক কমবে বলে মনে করেন ভারত, বাংলাদেশ ও নেপালের আইন বিশেষজ্ঞরা।
গতকাল রোববার বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিন দেশের বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশে মানবাধিকার ও ফৌজদারি ন্যায়বিচার প্রশাসন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ভারতের আইন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক এন আর মাধব মেনন বলেন, ভারতে পুলিশের হিসাবেই দেখা গেছে, এক বছরে পুলিশ যত গ্রেপ্তার করেছে, এর ৬২ শতাংশই গ্রেপ্তারযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, পুলিশের গ্রেপ্তারের ক্ষমতা যদি কমানো যায়, তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অর্ধেকে নেমে আসবে।
এন আর মাধব মেনন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড ও তদন্ত, দুটি পৃথক বিষয়। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দুটি কাজই করে পুলিশ। তিনি বলেন, ‘গ্রেপ্তার তদন্ত শেষ হয়ে যাওয়ার পরের বিষয়। আর আমাদের অঞ্চলে আগে গ্রেপ্তার ও পরে তদন্ত শুরু হয়।’ কাঠমান্ডু স্কুল অব ল’র অধ্যাপক যুবরাজ স্যাংরোলা বলেন, পুলিশের সঙ্গে প্রসিকিউশনের যদি সমন্বয় না থাকে, সে ক্ষেত্রে সুষ্ঠু বিচার হওয়া খুব কঠিন।
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কেউ যদি থানায় সাধারণ ডায়েরি করতে যান, সেটি নেওয়া হয় না। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখেছি, গত ছয় বছরে আমাদের কাছে মানবাধিকার লঙ্ঘনের যত অভিযোগ এসেছে এর মধ্যে বেশির ভাগই এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।’
‘ফৌজদারি ন্যায়বিচার প্রশাসনের সীমাবদ্ধতা: সম্ভাব্য উত্তরণের পথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। তিনি বলেন, পুলিশকে শুধু অপরাধের তথ্য দিলে হবে না। এর মধ্যে কতগুলোর বিচার হলো, এর তথ্যও দিতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, ইন্দো-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব ল’ মেডিসিন অ্যান্ড সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট মুজহারুল হক প্রমুখ।