পুলিশের ঘটনাস্থল পরিদর্শন 'একঘরে' সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি পরিবারকে ‘একঘরে’ করে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে স্থানীয় পঞ্চায়েত। গত শনিবার দুপুরের দিকে জুড়ী থানার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ফেরার পর পঞ্চায়েতের লোকজন বৈঠক ডেকে সিদ্ধান্তটি প্রত্যাহার করেন। 

পুলিশ জানায়, সম্প্রতি গরু চুরিতে জড়িত থাকার অভিযোগে সোনাপুরের আমিরুল ইসলামসহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় পঞ্চায়েতের লোকজন একটি বৈঠক ডাকেন। ওই বৈঠকে সমাজপতিরা আমিরুলের পরিবারকে ‘একঘরে’ করে রাখার সিদ্ধান্ত নেন। পরে এ সিদ্ধান্তটি মাইকযোগে এলাকায় প্রচারও করা হয়। এ নিয়ে শনিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় (সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা) ‘জুড়ীতে একটি পরিবার ১৪ দিন একঘরে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি পুলিশের নজরে আসে। শনিবার দুপুর ১২টার দিকে জুড়ী থানার দুই উপপরিদর্শক (এসআই) সোনাপুর এলাকায় যান। এ সময় পুলিশের কর্মকর্তারা আমিরুলের পরিবার ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের কর্মকর্তারা ফেরার পর বেলা একটার দিকে সোনাপুরের একটি বাড়িতে পঞ্চায়েতের কয়েকজন মুরব্বি বৈঠক করেন। সেখানে আলোচনার পর ‘একঘরে’ করে রাখার সিদ্ধান্তটি প্রত্যাহারের ব্যাপারে তাঁরা একমত হন। নাম প্রকাশ না করার শর্তে পঞ্চায়েতের এক মুরব্বি বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, ‘আসলে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গেছে। তাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

আমিরুল মুঠোফোনে জানান, পরিবারের লোকজনের কাছ থেকে তিনিও সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জেনেছেন। 

জুড়ী থানার এসআই তপন কান্তি দাস শনিবার বিকেলে বলেন, ‘প্রথম আলোয় সংবাদ পড়ে এলাকায় যাই। স্থানীয় লোকজনকে ডেকে বলেছি, আমিরুল অপরাধের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাঁর (আমিরুল) পরিবারকে একঘরে করে রাখা বেআইনি। লোকজনকে ওই পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে বলেছি। একঘরে করে রাখার সিদ্ধান্তে জড়িত মুরব্বিদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি।’