পুলিশের চাঁদাবাজি বন্ধের আহ্বান
পুলিশের চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল রোববার বেলা ১১টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পণ্য পরিবহনের বিরাজিত সমস্যা’ শীর্ষক এক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, পুলিশের কিছু অসাধু কর্মকর্তার বেপরোয়া চাঁদাবাজির কারণে পণ্য পরিবহন শিল্প ধ্বংস হচ্ছে। পণ্য পরিবহনে গাড়ির শৃঙ্খলা আনার নামে শ্রমিকদের মামলার ভয় দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় পুলিশ। তাদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরিবহন মালিকেরা। তাই পুলিশের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় সহসভাপতি শহীদুল্যাহ পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।