মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলাবিষয়ক সহকারী মন্ত্রী উইলিয়াম আর ব্রাউনফিল্ড বলেছেন, প্রয়োজনীয় চারটি পূর্বশর্ত নিশ্চিত হলেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেশাদারির মাধ্যমে কাজ করতে পারে। এ চারটি পূর্বশর্ত হচ্ছে প্রশিক্ষণ, অস্ত্র, বেতন-ভাতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিত করা।
ঢাকায় আমেরিকান সেন্টারে গতকাল সোমবার কয়েকটি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ব্রাউনফিল্ড এ কথা বলেন। তিনি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারি নিশ্চিত করতে যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন। বেতন বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যাপ্ত বেতন দেওয়া হলে তাঁরা দুর্নীতিতে জড়াতে নিরুৎসাহিত হবেন। এর ফলে তাঁরা পেশাদার হয়ে উঠবেন।
উইলিয়াম আর ব্রাউনফিল্ড বলেন, এসব বিষয় নিশ্চিত করা হলে পুলিশ পেশাদার হয়ে ওঠে। আর পেশাদার পুলিশ অধিকাংশ ক্ষেত্রে নিজেদের মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে হত্যা থেকে বিরত রাখার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে থাকে।
বাংলাদেশের সঙ্গে মার্কিন সহযোগিতার প্রসঙ্গে উইলিয়াম আর ব্রাউনফিল্ড বলেন, আইনশৃঙ্খলা দমনের নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ছে। তবে কোন ক্ষেত্রে সহযোগিতা আর কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন লাগবে, সেটি বাংলাদেশ সরকারই ঠিক করবে।
বিক্ষোভকারীদের দমনের ক্ষেত্রে পুলিশের নির্যাতনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সহকারী মার্কিন মন্ত্রী বলেন, ‘পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপারে আমাদের যথেষ্ট সমবেদনা থাকা উচিত। কারণ, প্রায়ই তাঁদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মোতায়েন করা হয়। প্রতিবছরই তাঁদের অনেককে জীবন দিতে হয় এবং চরম মূল্য দেন তাঁরাই।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) সেনাবাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে জানতে চাইলে ব্রাউনফিল্ড বলেন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের একসঙ্গে কাজ করাটা বাংলাদেশের ক্ষেত্রে অনন্য নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এটা ঘটে। তবে এটি যত কম ঘটে ততই ভালো।