টাঙ্গাইলের লাল মামুদ হত্যাকাণ্ড
পুলিশের চার সদস্য ও সোর্সকে অব্যাহতি দিয়ে চূড়ান্তপ্রতিবেদন
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক লাল মামুদ হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্য ও এক তথ্যদাতাকে (সোর্স) অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চূড়ান্ত প্রতিবেদন মেনে নেওয়ার শর্তে লাল মামুদের পরিবারকে ১০ লাখ টাকা দিয়েছে আসামিপক্ষ।
স্থানীয় লোকজন জানান, গত বছরের ২ অক্টোবর পুলিশের পিটুনিতে নিহত হন বাসাইলের সুন্না গ্রামের কৃষক লাল মামুদ। ঘটনার মাস খানেক আগে লাল মামুদ ১৩ লাখ টাকার জমি বিক্রি করেছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা হাতিয়ে নিতে ওই গ্রামে পুলিশের তথ্যদাতা বজলুর রহমান নানা চক্রান্ত শুরু করেন। তিনি লাল মামুদকে বিভিন্ন মামলায় জড়ানোরও হুমকি দেন। ঘটনার দিন বিকেলে বজলুর বাসাইল থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) সুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল সরোয়ার ও শামীম রেজাকে সুন্না গ্রামে নিয়ে যান। পুলিশ লাল মামুদকে ধরে জুয়া খেলার অভিযোগে পেটাতে শুরু করে। পুলিশের পিটুনিতে ঘটনাস্থলেই লাল মামুদের মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের চার সদস্যকে আটক করলেও বজলুর পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন লাল মামুদের স্ত্রী নূরজাহান বেগম পুলিশের চার সদস্য ও বজলুরকে আসামি করে বাসাইল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশের চার সদস্যকে জেলহাজতে পাঠানো হয়।
টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. আখেরুজ্জামান মামলার সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে বাসাইল উপজেলা বিচারিক হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ১৩ জুন আদালত প্রতিবেদন গ্রহণ করেন। মামলার বাদী নূরজাহান বেগম বলেন, ১৩ জুন আদালত প্রতিবেদন গ্রহণের পর বাসাইল থানা পুলিশের কয়েকজন সদস্য তাঁকে, তাঁর চার মেয়ে ও দুই জামাতাকে আদালত এলাকার একটি কক্ষে নিয়ে যান। সেখানে পুলিশের কর্মকর্তারা তাঁদের হাতে ১০ লাখ টাকা তুলে দেন। নূরজাহান বলেন, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর পুলিশের তথ্যদাতা বজলুর তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া শুরু করেছেন। এ ব্যাপারে তিনি গত মঙ্গলবার বাসাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মামলার ব্যাপারে আপস ও হুমকির অভিযোগ সম্পর্কে বাসাইল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় বাদী ও বিবাদীরা মামলাটি মিটিয়ে ফেলেছেন। তবে কোনো টাকা লেনদেন হয়েছে কি না, তা জানি না।’
পুলিশের তথ্যদাতা বজলুর বলেন, মামলাটি মেটানোর জন্য তিনি ও অপর চার আসামি টাকা দিয়েছেন। তাঁর দাবি, তিনি লাল মামুদের পরিবারের কাউকে হুমকি দেননি।
এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্পর্কে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বলেন, ‘চাঞ্চল্যকর মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে সরকারি কৌঁসুলির মতামত নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে আমার কোনো মতামত নেওয়া হয়নি।’