নরসিংদী জেলা আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখকে লাঞ্ছিত করার ঘটনায় কারাবন্দী পুলিশের চার সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক হাকিম মো. শাহজাহান মিয়া আসামিদের জামিন মঞ্জুর করেন। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চার আসামি কারাগার থেকে ছাড়া পান। মুক্তি পাওয়া পুলিশ সদস্যরা হলেন নায়েক আবদুস সালাম, কনস্টেবল কলিম উদ্দিন, সাইফুল ইসলাম ও সঞ্জয় কুমার। আদালত সূত্রে জানা গেছে, বিচারককে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলার আট আসামি গত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত চার আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার প্রধান আসামি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ চারজনের জামিন মঞ্জুর করেন মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা। গত ১০ জুন জেলা জজ আদালতের মূল ফটকে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন বিচারক ইমান আলী শেখ। এ ঘটনায় ১১ জুন জেলা দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন।