পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মামলা মাটিচাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগ‌লুল আহমেদ
জগ‌লুল আহমেদ
বাসচালক চিহ্নিত হয়নি। কোন বাস থেকে নামতে গিয়ে​ নিহত হন, তাও বের করা যায়নি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন

বাসচালকের অবহেলার কারণেই সাংবাদিক জগ‌লুল আহমেদ চৌধূরীর মৃত্যু হয়েছিল—তদন্তে তা প্রমাণিত হলেও ওই বাসচালককে চিহ্নিত করতে না পারায় এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এর মধ্য দিয়ে মামলাটি মাটিচাপা পড়ে গেল।

ঘটনার ছয় মাসের মাথায় গত ৩১ মে তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনটি গত ২৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গ্রহণ করেছেন। কিন্তু বিষয়টি বাইরে প্রকাশ পায়নি।
বিষয়টি জানার পর গতকাল রোববার প্রথম আলোর পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা আবিদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাসচালককে চিহ্নিত করতে পারিনি। কোন বাস থেকে নামতে গিয়ে সাংবাদিকজগ‌লুল আহমেদ পড়ে গিয়ে নিহত হন, তাও বের করতে পারিনি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি।’
জ্যেষ্ঠ সাংবাদিকজগ‌লুল আহমেদ চৌধূরী গত বছরের ২৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাস থেকে নামার সময় চালক হঠাৎ দ্রুতবেগে গাড়িটি টান দেন। এতে তিনি ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পেয়ে মারা যান। পরদিন তাঁর ছেলে নাবিদ আহ্মেদ চৌধুরী এ ঘটনায় অজ্ঞাতনামা বাসচালককে আসামি করে কলাবাগান থানায় মামলা করেন। অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪-ক ধারায় পুলিশ মামলাটি নেয়।
এর ছয় মাস পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। তাতে বলা হয়, ‘বাসচালকের অবহেলার কারণে ভিকটিমের মৃত্যু হয়েছে বলিয়া পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হইলেও মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকা অজ্ঞাত বাসচালককে গ্রেপ্তার না করতে পারায়, তার নাম–ঠিকানা না পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা যাইতেছে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলাম।’
প্রতিবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তা ‘ব্যাপক তদন্তে’ জানতে পারেন যে,জগ‌লুল আহমেদ চৌধূরী গত বছরের ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সময় প্রেসক্লাব থেকে একটি বাসে চড়ে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। রাত অনুমান পৌনে আটটার সোনারগাঁও মোড়ের সার্ক ফোয়ারার পশ্চিম প্রান্তে পুলিশ বক্সের পশ্চিম-দক্ষিণ কোণে বাসটি গতি কমায়। তখনজগ‌লুল আহমেদ বাস থেকে নামার সময় চালকের অবহেলার কারণে ভারসাম্য হারিয়ে ফেলেন। রাস্তায় পড়ে গিয়ে মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হন। পথচারীরা তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নেন। চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
‘ব্যাপক তদন্তে’ প্রাপ্ত যেসব তথ্য চূড়ান্ত প্রতিবেদনে লেখা হয়েছে, তার সবই এজাহারে উল্লেখ করা হয়েছে। এর বাইরে তদন্ত কর্মকর্তা লিখেছেন, ‘সাংবাদিক জগ‌লুল আহমেদ চৌধূরীর মৃত্যুর পর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি হয়। তদন্ত কমিটির সঙ্গে সম্পর্ক রেখে তাদের দেওয়া নির্দেশ মোতাবেক ঘটনার সাথে জড়িত অজ্ঞাত বাসের নম্বর সংগ্রহ এবং চালকের নাম-ঠিকানা সংগ্রহের যথাসাধ্য চেষ্টা করি। ভিকটিমের মৃত্যু সংক্রান্ত তথ্য জানানোর জন্য বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিই। এ সংক্রান্ত পেপার কাটিং সংগ্রহ করে পর্যালোচনা করি।’ প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মামলাটির তদন্ত-তদারক কর্মকর্তা হলেন মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান। তিনি চূড়ান্ত প্রতিবেদনটি ‘অগ্রগামী করা গেল’ মর্মে সত্যায়িত করেন ১৫ জুন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি করা হয়েছিল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু বাস বা চালককে চিহ্নিত করা যায়নি। ঢাকা মহানগরে বিভিন্ন গন্তব্যে অনেক বাস চলে। কোন গন্তব্যের বাসে সাংবাদিকজগ‌লুল আহমেদ উঠছিলেন, তা বের করা যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চেষ্টা করেও মামলার বাদী জগ‌লুল আহমেদ চৌধুরীর ছেলে নাবিদ আহ্মেদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। বাসার টেলিফোনেও কাউকে পাওয়া যায়নি। তবে তদন্ত কর্মকর্তা আবিদুর রহমান বলেন, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় বাদী অসন্তুষ্ট।