রাজশাহী শিক্ষা বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তবে মামলার বাদী বোর্ডের সচিব আবুল কালাম আজাদ গত মঙ্গলবার রাজশাহী মহানগর মুখ্য হাকিম-১-এর আদালতে এর বিরুদ্ধে নারাজি দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই নিজ কার্যালয়ে লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নগরের রাজপাড়া থানায় বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন আবুল কালাম আজাদ। পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মঙ্গলবার তিনি আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আবেদনে তিনি বলেছেন, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ আসামিদের দ্বারা প্রভাবিত হয়েছেন। তদন্ত কর্মকর্তা প্রত্যক্ষদর্শী, সাক্ষী ও ভিকটিমদের জিজ্ঞাসাবাদ না করে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন। তিনি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত প্রথম আলোকে বলেন, ওই সচিবের কার্যালয়ে সংঘটিত ঘটনা নিয়ে একটি সমঝোতা হয়েছিল। পরে মামলা হয়। যা-ই হয়ে থাকুক, সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হওয়া ভালো।