পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুযায়ী থানা-পুলিশকে ব্যবস্থা নিতে বললেও তাতে কাজ হয় না।’
গতকাল সোমবার রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহকে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন মিজানুর রহমান। গত শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বের হওয়ার পর মাহবুব উল্লাহ দুর্বৃত্তদের হামলায় আহত হন।
পুলিশের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে—এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছোট ছোট অনেক বিষয়ে ওপর থেকে না বললে থানা-পুলিশ কাজ করে না। এ ধরনের অনেক অভিযোগ মানবাধিকার কমিশনে আসে। অথচ সমস্যাগুলো খুব সহজে থানায় নিরসন করা সম্ভব।’ তিনি বলেন, অনেক সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও থানা-পুলিশ ব্যবস্থা নেয় না। তাহলে পুলিশের চেইন অব কমান্ড থাকল কোথায়?
পুলিশের মহাপরিদর্শকের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি পুলিশ বাহিনীকে যথাযথ নির্দেশ দিন, যেন পুলিশ মানুষের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়।’ তিনি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, তিনি (মাহবুব উল্লাহ) স্বল্পভাষী ও মিষ্টভাষী মানুষ। তাঁর ওপর হামলার অর্থ হলো, এখন কোনো বুদ্ধিজীবী নিরাপদ নন।
মাহবুব উল্লাহ বলেন, ‘আমি সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমার কোন বক্তব্যে, কোন কাজে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও জানি না। আমার দুশ্চিন্তা হচ্ছে, এ ধরনের ঘটনা কি ঘটতেই থাকবে?’