পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি উধাও
বাগেরহাট আদালতের হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে গতকাল বুধবার সকালে গাজী দেলোয়ার হোসেন (২২) নামের ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। মঙ্গলবার চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্বরের হাজতখানা থেকে মো. শাহীন (২০) নামে আরেক আসামি পালিয়ে গেছেন।
বাগেরহাটের ঘটনায় পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাগেরহাটের আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সকাল আটটার দিকে একটি ডাকাতি মামলার ১২ জন আসামিকে জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। বেলা সোয়া ১১ দিকে আদালতের হাজতখানা থেকে জেলা ও দায়রা জজ আদালতে নেওয়ার পথে আসামি দেলোয়ার কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান। তিনি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা।
জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. বদরুদ্দোজা বলেন, গত ২৫ এপ্রিল থেকে ডাকাতি মামলার আসামি দেলোয়ার কারাগারে আটক ছিলেন। ওই ডাকাতির মামলায় হাজিরা দিতে পুলিশি পাহারায় তাঁকে গতকাল সকাল আটটায় কারাগার থেকে আদালতে পাঠানো হয়। এরপর কী হয়েছে তা জেল কর্তৃপক্ষের জানা নেই।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল মোল্লা বলেন, দেলোয়ারকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে অভিযান শুরু করেছে।
এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন পুলিশ কনস্টেবল ফিরোজ আহমেদ, আবদুল আজিজ, আবদুল মজিদ, শুকরঞ্জন অধিকারী ও ফারহানা আক্তার। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান মোল্লা বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, এঁরা সবাই বাগেরহাট আদালতে কর্মরত ছিলেন এবং দেলোয়ার গাজীসহ অন্য আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে নেওয়ার সময় দায়িত্ব পালন করছিলেন।
চুয়াডাঙ্গা পুলিশের আদালত পরিদর্শক ফারুক হোসেন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকার শাহীন একটি চুরি মামলায় প্রায় এক বছর ধরে জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁকে কারাগার থেকে জেলা জজ আদালত চত্বরের হাজতখানায় আনা হয়। আনুমানিক দেড়টার দিকে হাজতখানার শৌচাগারের ঘুলঘুলির (ভেন্টিলেটর) রড কেটে শাহীন পালিয়ে যান।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘটনার দিন পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক ইসহাক ও চারজন কনস্টেবল হাজতখানার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দুপুরে হাজতখানা থেকে আসামি পালিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে তা গোপন রাখা হয়। পরে অভিযানে আসামি গ্রেপ্তার না হওয়ায় বুধবার সকালে তা চুয়াডাঙ্গা আদালত চত্বরে জানাজানি হয়ে যায়।
সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, এ ঘটনায় শাহীনকে আসামিকে করে দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।