নোয়াখালীর সেনবাগে গত বুধবার রাতে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি গতকাল বৃহস্পতিবার দুপুরে বীজবাগ গ্রামের একটি শুষ্ক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শটগানটি সেখানে কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।অন্যদিকে, পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া সন্ত্রাসী সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারীকে (৩২) গতকাল ভোরে ফেনীর মহিপাল এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে বীজবাগ গ্রামের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে আটক করা হয়। থানা হাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রাম রেঞ্জের সহকারী উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মোশারফ হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমাকে। অন্য দুই সদস্য হলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিশেষ শাখার ডিআইও। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানতে চাইলে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন এসপির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।জাকির হাসান প্রথম আলোকে বলেন, বুধবার রাতে অস্ত্র ছিনতাই ও আসামি পালিয়ে যাওয়ার পর রাতভর থানার পুলিশের পাশাপাশি তিনিও বিপুলসংখ্যক পুলিশ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালান। একপর্যায়ে ভোররাত চারটার দিকে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁর কাছে অস্ত্র পাওয়া যায়নি। গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বীজবাগ গ্রামের একটি শুষ্ক ডোবার পাশে পাতা কুড়াতে যান স্থানীয় এক নারী। ডোবার মধ্যে কচুরিপানার স্তূপ দেখে তাঁর সন্দেহ হয়। তিনি কৌতূহলবশত কচুরিপানা সরিয়ে অস্ত্র দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী বলেন, পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সিরাজ পাটোয়ারী ছাড়াও আটক ব্যক্তিদের মধ্যে যাঁরা দোষী, তাঁদের আসামি করা হবে। অন্যদের ছেড়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।