পুলিশের জন্য এসেছে কাঁদানে গ্যাসের ৫০ হাজার শেল, বিভিন্ন সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের জন্য চীন থেকে কাঁদানে গ্যাসের ৫০ হাজার শেলসহ দাঙ্গা দমনের বিভিন্ন সরঞ্জাম আমদানি করা হয়েছে। গত মঙ্গলবার এসব সরঞ্জাম ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছেছে। সূত্র জানায়, এই চালানে অন্য সরঞ্জামের মধ্যে আছে দুই ধরনের পিস্তলের পাঁচ লাখ গুলি, ১০০টি ২৬এমএম সিগন্যাল পিস্তল, ১০০টি কাঁদানে গ্যাস নিক্ষেপক যন্ত্র (গ্যাস গ্রেনেড লঞ্চার) এবং ১৫০টি গ্যাসগান। এগুলোর আমদানিমূল্য প্রায় আট কোটি টাকা। পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল আলম গতকাল বুধবার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এগুলো নিয়মিত কেনাকাটার অংশ। গত অর্থবছরে বরাদ্দ দেওয়া অর্থে এসব সরঞ্জাম কেনা হয়েছে। প্রতিবছরের চাহিদা অনুসারে এসব কেনা হয়। পুলিশ সূত্র জানায়, এসব সরঞ্জামের বেশির ভাগই মারাত্মক অস্ত্র নয়। বেআইনি জমায়েত ছত্রভঙ্গ করতে এগুলো ব্যবহার করা হয়। এ চালানে আসা সিগন্যাল পিস্তলগুলোতে শুধু আওয়াজ হয়, এগুলোতে বুলেট থাকে না।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পুলিশের এই সরঞ্জাম নিয়ে এমভি মিং জিয়াং নামের একটি জাহাজ গত ২৮ মার্চ চট্টগ্রাম বন্দরে ভিড়ে। পরে এসব খালাস করে সোমবার রাতে বিশেষ পুলিশ পাহারায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পোর্ট) কুসুম দেওয়ান বলেন, জাহাজ থেকে খালাস করা সরঞ্জামগুলো তিনটি বড় কাভার্ড ভ্যানে করে ঢাকায় পাঠানো হয়।জানা যায়, এই চালানে থাকা সিগন্যাল পিস্তল, কাঁদানে গ্যাস নিক্ষেপক যন্ত্র এবং গ্যাসগানগুলো সরবরাহ করেছে চীনের অন্যতম বৃহত্ অস্ত্র উত্পাদনকারী সরকারি প্রতিষ্ঠান মেসার্স পলি টেকনোলজিস ইনক.। চালানের গুলি সরবরাহ করেছে চায়না জিং অ্যান ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন নামের একটি বেসরকারি কারখানা। গুলির মধ্যে সাত দশমিক ৬২এমএম পিস্তলের গুলি আছে চার লাখ এবং নাইনএমএম পিস্তলের গুলি এক লাখ। কাঁদানে গ্যাসের শেলগুলো সরবরাহ করেছে বেসরকারি প্রতিষ্ঠান চায়না জিংসিদাই করপোরেশন।চীনে নরিনকো নামের আরও একটি অস্ত্র তৈরির সরকারি কারখানা আছে। ২০০৪ সালে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে আটক ১০ ট্রাক অস্ত্র ও বিস্ফোরক নরিনকোর তৈরি ছিল বলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। ওই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য চোরাইপথে আনা হয়েছিল।