পুলিশের জন্য পৃথক বিভাগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীর জন্য পৃথক একটি বিভাগ গঠনের ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাহিনীতে সচিব পদমর্যাদার আরও দুটি নতুন পদও (গ্রেড-১) সৃষ্টি করা হচ্ছে।পুলিশ সপ্তাহ-২০১৩ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। বার্ষিক পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনের নিয়মিত কর্মসূচি হিসেবে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পুলিশের কর্মকর্তারা। বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, স্বাগত বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর তিনজন কর্মকর্তা তাঁদের অভিমত তুলে ধরেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশের মতো নয়টি বিভাগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাজ করতে হয়। এতে দেখা যায়, তাঁরা বেশি মনোযোগ দিতে পারেন না। এ অবস্থায় নতুন বিভাগ করা হলে পুলিশের কাজে গতি আসবে।রংপুর বিভাগের উপমহাপরিদর্শক ইকবাল বাহার পুলিশের জন্য বিশেষ ভাতার দাবি জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীতে আরও তিনটি গ্রেড-১ পদ সৃষ্টির ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেই। হাইওয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক আমেনা বেগম বলেন, পুলিশের নারী কর্মকর্তার হার এখন ৫ শতাংশ। এ হার সন্তোষজনক। তিনি বলেন, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশ করার নথি সাত মাস ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে।পুলিশের তিন কর্মকর্তার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের সঙ্গে অপরাধের ধরন ও কৌশল পাল্টাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা বেশি নয়, তবে তাদের অপরাধের ধরন এমন যে তারা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের শান্তি বিনষ্ট করতে পারে। তিনি বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির চক্র যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশব্যাপী এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা পুলিশের ওপর বর্বর হামলা চালাচ্ছে। কিন্তু তারা এই বিচার বন্ধ করতে পারবে না। কারণ, এটা গণমানুষের দাবি। বিচারের রায় অবশ্যই কার্যকর হবে। জনগণের মৌলিক অধিকার যেন লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, আপনাদের ছোট ছোট ভুলের জন্য সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়। সরকার সুখী ও নিরাপদ এক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর জন্য পৃথক একটি বিভাগের প্রয়োজন। এটি যুক্তিসংগত, যা আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। তবে এর জন্য কিছু সময় লাগবে।’