পুলিশের জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজের জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে হবিগঞ্জ জেলা পুলিশ নতুন ও ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম চালু করেছে। এখন থেকে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক সেবা দেওয়া হবে। এ জন্য একজন করে এসআই এবং এএসআই নিয়োগ দেওয়া হয়েছে।
গত সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের নতুন কার্যক্রমের বিষয়টি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) হায়াতুন্নবী, জেলা পুলিশের মিডিয়া উইং অ্যান্ড কমিউনিটি সার্ভিসের প্রধান সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ থানাভিত্তিক কাজ করে আসছে। নির্দিষ্ট থানার দায়িত্বে থাকা সব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকেরা (এএসআই) পুরো থানা এলাকার দায়িত্বে থাকেন। তাঁদের আলাদা করে এলাকাভিত্তিক কাজ করতে হয় না। এ কারণে ওয়ার্ড বা এলাকাভিত্তিক কাজের জন্য তাঁদের কোনো আলাদা জবাবদিহি নেই। এ পদের কর্মকর্তাদের জবাবদিহি ও কাজের গতি বাড়াতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা পুলিশ। এ সেবার অংশ হিসেবেই এখন থেকে এসআই এবং এএসআইরা এলাকাভিত্তিক কাজ করবেন।
একজন এসআই, একজন এএসআই ও নির্দিষ্টসংখ্যক কনস্টেবল দিয়ে এলাকাভিত্তিক পুলিশের এ কাঠামো সাজানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন, এলাকার অপরাধী চিহ্নিতকরণ, এলাকায় কোনো অপরাধী প্রবেশ করেছে কি না, তা তদারকি, অপরাধীরা কী ধরনের অপরাধ করছে, তার খোঁজখবর রাখবেন। পাশাপাশি তাঁরা মাদক ব্যবসা রোধেও কাজ করবেন।
পুলিশের এ কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পুরো জেলায় ৯৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর থানায় ১১ জন, শায়েস্তাগঞ্জ থানায় ছয়জন, লাখাই থানায় ছয়জন, বানিয়াচং থানায় ১৫ জন, আজমিরিগঞ্জ আটজন, মাধবপুর ১৩ জন, চুনারুঘাট ১০ জন, বাহুবল থানায় ১০ জন ও নবীগঞ্জ ১৩ জন। নির্দিষ্ট কোনো এলাকায় আইনশৃঙ্খলার অবনতি বা অপরাধ সংঘটিত হলে তাঁদের জবাবদিহি করতে হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, এসআই এবং এএসআইরা এখন থেকে এলাকাভিত্তিক কাজ করবেন। দ্রুত অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশ গঠন এবং পুলিশের কাজে আরও গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।