পুলিশের জিম্মায় থাকা মালামাল দিয়েই চলছে অবৈধ ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে পুলিশের জিম্মায় থাকা মালামাল ব্যবহার করে আবারও চালু করা হয়েছে অবৈধ একটি ইটভাটা। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ ও পরিবেশ আইন অমান্য করে পুরোদমে চলছে ইট পোড়ানো। প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ১৫ জানুয়ারি উপজেলার তাজপুর ইউনিয়নের রুকনপুর গ্রামের হক ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে টিন দিয়ে বানানো চিমনি গুঁড়িয়ে দিয়ে কাঁচা-পাকা ইটসহ বিভিন্ন মালামাল জব্দ করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বন্ধ কয়ে দেওয়া হয় ইটভাটাটি। জব্দ করা হয় তিন লাখ ৫০ হাজার পাকা ও এক লাখ ৫০ হাজার কাঁচা ইট। জব্দ করা এই ইট ওসমানীনগর থানার পুলিশের জিম্মায় দেন আদালত।খোঁজ নিয়ে জানা যায়, অভিযানের পরদিন থেকে আদালতের নির্দেশ অমান্য করে ইটভাটার কার্যক্রম পুরোদমে আবারও শুরু করা হয়েছে। ভেঙে ফেলা চিমনি দাঁড় করিয়ে চলছে ইট পোড়ানো।এদিকে এই ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত মঙ্গলবার ইটভাটার মালিক এনাম পীর ও তাঁর দলবলের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন।ওসমানীনগর থানার ওসি (তদন্ত) তৈমুর বক্ত চৌধুরী বলেন, ‘সীমিত জনবল ও যানবাহনের সংকটের কারণে সব দিকে নজর রাখা সম্ভব হয় না। এই মাল পাহারা দেওয়ার জন্য সেখানে তো পুলিশের ক্যাম্প বসানো সম্ভব না। জব্দকৃত মালামালের তালিকা করা আছে। তালিকামতো মালামাল পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন, মূলত পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এ ধরনের অভিযান পরিচালিত হয়। তাই উপজেলা প্রশাসন বিষয়টিতে পদক্ষেপ নিতে পারছে না। সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার মো. তাজুল ইসলাম বলেন, ‘খুব শিগিগর আবারও অভিযান চালানো হবে। জব্দকৃত কাঁচা-পাকা ইট পুলিশের জিম্মায় রাখা হয়েছিল। এখন পুলিশ যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে আমরা কী করতে পারি!’