পুলিশের ডিসি ও এডিসির বিরুদ্ধে করা মামলা খারিজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদি হাসানসহ ৩০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ এ আদেশ দেন। আদেশে বলা হয়, আসামিরা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি বিধায় ফৌজদারি কার্যবিধির ১৯৭(১) ধারায় মামলাটি খারিজ করা হলো। গতকাল সকালে বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক মো. খোরশেদ আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
গত সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের (সিএসএফ) সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। সেখান থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ। পরে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।