পুলিশের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানাহাজতে আসামির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত শনিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মন্ডল পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজতখানা থেকে আসামি ইসহাক মিয়ার লাশ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করে, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহত ইসহাক মিয়ার পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে পিটিয়ে হত্যা করেছে। ইসহাক নন্দনকানন এলাকার জাহিদ এন্টারপ্রাইজ নামের একটি বিপণন প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ছিলেন। ওই প্রতিষ্ঠানে চুরির মামলায় গত শুক্রবার রাতে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
তদন্ত কমিটির প্রধান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. মিজানুর রহমান গতকাল রোববার সকালে কোতোয়ালি থানার হাজতখানা পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়েছেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদনসহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করা করেছে। তিন দিনের মধ্যে পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটির অন্য দুই সদস্য হলেন নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা, নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বেলাল উদ্দিন।