পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
শরীয়তপুরের নড়িয়ায় কিশোরী হেনা আক্তার হত্যা মামলার এজাহার লেখা ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা কোনো গাফিলতি করেছিলেন কি না, তা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পত্রবাহকের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, হেনা হত্যা মামলার এজাহার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে পরিদর্শক মির্জা একে আজাদ ও উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্যার কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করতে পুলিশ সদর দপ্তর থেকে ৬ মার্চ শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর চিঠি পাঠানো হয়। ৭ মার্চ সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তালেবুর রহমান, সহকারী পুলিশ সুপার (গোঁসাইরহাট সার্কেল) আবুল হাসনাত খান, গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মতিউর রহমানের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৯ মার্চ রাতে তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেয়। ১০ মার্চ সকালে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের পত্রবাহকের মাধ্যমে তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।এদিকে হেনা হত্যা মামলার অন্যতম আসামি মসজিদের ইমাম মফিজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। বুধবার আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারিক হাকিম উৎপল ভট্টাচার্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্ত প্রতিবেদন সদর দপ্তরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত পুলিশ সদর দপ্তর নেবে।নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা ধর্ষিত হওয়ার পর সালিস-বৈঠকে তাঁকে দোররা মারা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। ৩১ জানুয়ারি হাসপাতালে হেনার মৃত্যু হয়।