পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিক হত্যা মামলায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারপক্ষের কৌঁসুলিরা। তাঁরা বলছেন, আদালতে এ পর্যন্ত সাক্ষীদের কেউই আসামিদের বিরুদ্ধে কোনো কথা বলেননি।
আলোচিত এ হত্যা মামলার বিচার শুরুর ২২ মাস পর এসে সরকারপক্ষের কৌঁসুলিরা বলছেন, তদন্ত যথাযথ হয়নি। মামলাটি পুনরায় তদন্তের দাবি রাখে।
দরিদ্র পরিবারের সন্তান আবু বকর ছয় বছর আগে ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনা ওই সময় দেশজুড়ে আলোচিত ছিল।
এই ঘটনায় একই হলের আবাসিক ছাত্র ওমর ফারুক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। তিনি নিজেও ওই ঘটনায় আহত হয়েছিলেন। আবু বকর হত্যা মামলাটির তদন্ত শেষে এফ রহমান হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় শাহবাগ থানার পুলিশ। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সিআইডি মামলাটির অধিকতর তদন্ত করে এবং ২০১২ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দেয়। তাতে আগের আটজনসহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়। আসামিদের সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
মামলাটি বর্তমানে ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে আটজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। যাঁদের মধ্যে সাতজনই প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং তাঁরা ওই হলের তৎকালীন ছাত্র ও একজন আবাসিক শিক্ষক। আগামী ৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ বি এম বশির উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, যাঁরা এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন, তাঁদের সবাই বলে গেছেন, পুলিশের টিয়ার গ্যাসের শেলের আঘাতে আবু বকর মারা গেছেন। কোনো সাক্ষী বলেননি যে আসামিদের অস্ত্রের আঘাতে বা মারামারিতে আবু বকর মারা গেছেন। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা মামলাটি যথাযথভাবে তদন্ত করেননি। করলে বেরিয়ে আসত, কিসের আঘাতে আবু বকর মারা গেছেন। আর কে বা কারা তাঁকে আঘাত করেছিল।
তদন্তের এ ত্রুটি এত দিন পরে কেন নজরে এল—এমন প্রশ্নের জবাবে এ বি এম বশির উদ্দিন মিয়া বলেন, সাক্ষ্য গ্রহণ শুরুর পর নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে তদন্তের এ ত্রুটি ধরা পড়েছে।
মামলার নথিতে থাকা ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, শক্ত ভোঁতা অস্ত্রের আঘাতে আবু বকরের মাথা থেঁতলে যায়। এতে তাঁর মৃত্যু হয়।
কিন্তু পুলিশের দুটি অভিযোগপত্রের কোথাও বলা হয়নি, ভোঁতা অস্ত্রটা কী জিনিস। শুধু বলা হয়েছে, স্যার এ এফ রহমান হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আবু বকর ছাড়াও ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ওমর ফারুক, রুহুল আমিন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যান। আসামিরা রড, লাঠি, হকিস্টিক দিয়ে মারামারি করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। কিন্তু কোন কোন আসামির অস্ত্রের আঘাতে আবু বকর নিহত হন, তা সুনির্দিষ্টভাবে বলা নেই। কীভাবে আঘাত পেয়েছেন, তা-ও উল্লেখ নেই। এমনকি আলামত হিসেবে আসামিদের ব্যবহৃত কোনো অস্ত্রও জব্দ করেনি পুলিশ। শুধু আবু বকরের লুঙ্গিটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
সরকারি কৌঁসুলি এ বি এম বশির উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, কী ধরনের ভোঁতা অস্ত্র দিয়ে আবু বকরকে আঘাত করা হয়েছে, তা তদন্ত করেননি তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম (বর্তমানে ডিবির সহকারী কমিশনার) প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত করে বের করতে পারিনি, কী ধরনের অস্ত্রের আঘাতে আবু বকরের মৃত্যু হয়। তদন্তে এমন ত্রুটি থাকলে আমরাও চাই মামলাটি পুনরায় তদন্ত হোক।’
একই অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকেরও। তিনি প্রথম আলোকে বলেন, কে বা কারা কোন অস্ত্র দিয়ে আবু বকরকে হত্যা করেছে, তা অবশ্যই বের করতে হবে।
২০১৪ সালের ৩ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে মামলাটির বিচার শুরু হয় ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। আসামিরা হলেন সাইদুজ্জামান ফারুক, মফিদুল ইসলাম খান (তপু), রকিব উদ্দিন (রফিক), মনসুর আহমেদ (রনি), আসাদুজ্জামান (জনি), আলম-ই-জুলহাস, তৌহিদুল ইসলাম খান (তুষার), আবু জাফর মো. সালাম, এনামুল হক (এরশাদ) ও মেহেদী হাসান (লিয়ন)। এঁরা সবাই ঘটনার সময় এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
আবু বকরের বড় ভাই আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘এটা তো নিশ্চিত, আমার ভাইকে কেউ না কেউ হত্যা করেছে। যারাই খুন করেছে, তাদের ফাঁসি চাই।’
আবু বকর হত্যা মামলাটির সর্বশেষ তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ। তিনি গত সোমবার প্রথম আলোকে বলেন, আদালত যদি মনে করেন, মামলাটি পুনরায় তদন্তের আদেশ দিতে পারেন।
অবশ্য মামলার নথিপত্র নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নথিপত্র পর্যালোচনার পর পুনরায় তদন্তের প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলিকে অবশ্যই এ ব্যাপারে অধিকতর তদন্তের জন্য আবেদন করতে বলব।’