দিয়াজ ‘আত্মহত্যা’ করেছেন—গতকাল বুধবার আদালতে অপমৃত্যু মামলায় দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদনটি গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলাটি করেছিল।
অথচ ৪৩ দিন আগে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। এই জ্যেষ্ঠ আইনজীবী প্রথম আলোকে বলেন, দিয়াজের মায়ের করা মামলার তদন্তে হত্যার প্রমাণ পাওয়ার পর কীভাবে আত্মহত্যা লেখ যায়! চূড়ান্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি উল্লেখ না করায় তদন্ত কর্মকর্তা দায়সারা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছেন। দিয়াজের মায়ের মামলার কথা তিনি প্রতিবেদনে লিখলেও হত্যার বিষয়টি এড়িয়ে গেছেন।
২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন বাসায় দিয়াজ ছাড়া পরিবারের আর কেউ ছিলেন না।
গতকাল বিকেলে আদালতে দিয়াজের লাশ উদ্ধারের ঘটনায় করা অপমৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। গত নভেম্বর মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজে করা ময়নাতদন্তের আলোকে চূড়ান্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওই প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। কিন্তু তিনি সেটা আমলে নেননি। তাহলে এত দেরিতে কেন প্রতিবেদন দেওয়া হলো প্রশ্ন করা হলে তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তদন্তে সময় লেগেছে তাই।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা, ঘটনার পারিপার্শ্বিকতায় দিয়াজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন প্রতীয়মান হয়। ঘটনার বিষয়ে আদালতে আরেকটি মামলা হওয়ায় অপমৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলো।’
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অপমৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন হওয়ায় দিয়াজের মায়ের করা হত্যা মামলাটি সচল থাকবে। একটি ঘটনায় দুটি মামলা চলতে পারে না।
কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ছাত্রলীগের একটি পক্ষ শুরুতে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে প্রচার করে। তবে অপর পক্ষ অভিযোগ করে, ৯৫ কোটি টাকার নির্মাণকাজের দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের নেতা-কর্মীরা দিয়াজকে হত্যা করে বাসায় লাশ ঝুলিয়ে রাখেন। দিয়াজের লাশ উদ্ধারের পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তখন ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।
ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে কমিটি স্থগিত), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়।
প্রতিবেদনটি গত ২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারের হাতে এসে পৌঁছায়। পরদিন আদালতে জমা দেওয়া প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কোন্দল ও অন্যান্য কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরে আসামিদের গ্রেপ্তার, পাসপোর্ট জব্দ করা এবং আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে গত ৭ আগস্ট নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার গতকাল প্রথম আলোকে বলেন, আসামিদের ওপর নজরদারি রয়েছে। তদন্ত চলছে। বলার মতো কোনো অগ্রগতি নেই।
দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তার করা হলে সব রহস্য বেরিয়ে আসবে। পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেপ্তার করছে না।