
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ বলছে, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতদের যে তালিকা সংবাদমাধ্যম প্রকাশ করেছে, সেটি তাদের তালিকা নয়। সংগঠনটি এ সম্পর্কে তাদের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ কয়েকটি সংবাদমাধ্যমের কাছে নিহত ৬১ জনের একটি তালিকা সরবরাহ করে। আজ শুক্রবার কয়েকটি সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়। তালিকার ব্যাপারে অধিকারের কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা তালিকাটি মূল তালিকার সঙ্গে মিলিয়ে দেখছেন। ‘সোহেল’ নামে একজন ছাত্রের নাম পত্রিকায় প্রকাশিত তালিকায় রয়েছে। অধিকারের তালিকায় এমন কোনো নাম নেই। অন্য নামগুলোও মিলিয়ে দেখা হচ্ছে। শিগগির তাঁরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।
অধিকারের একজন জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, মানবাধিকার সংগঠন হিসেবে অধিকার তার দায়িত্ব পালন করেছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা কোনো মানুষ যদি নাম প্রকাশ না করার অনুরোধ জানান, তা রক্ষা করা মানবাধিকার সংস্থার দায়িত্ব। সে কারণে অধিকার নিহতদের তালিকা জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল র্যাপোর্টার, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, আইন ও সালিশ কেন্দ্রে পাঠায়।

অধিকারের কর্মকর্তারা আরও বলেছেন, ১০ আগস্ট অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের এক দিন পর গোয়েন্দা পুলিশের একটি দল সংস্থাটির কার্যালয় থেকে দুটি ল্যাপটপ ও তিনটি সিপিইউ জব্দ করে। সেখানে কিছু তথ্য থেকে থাকতে পারে। তবে কোন তথ্য কীভাবে ব্যবহার হয়েছে, সে নিয়ে অধিকার নিশ্চিত নয়। অধিকার বলছে, নিহতদের শুধু নামের তালিকাই নয়, তাদের স্বজনদের বক্তব্য অধিকারের কাছে রেকর্ড করা আছে।
অধিকারের কার্যালয়ে ১১ আগস্ট অভিযান চালান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম। জব্দ করা কম্পিউটার সিআইডির প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার জন্য ১৩ আগস্ট আদালতে আবেদন জানায় গোয়েন্দা পুলিশ।
সংবাদমাধ্যমে ৬১ জনের তালিকা প্রকাশ করা হলেও সে সম্পর্কে গোয়েন্দা পুলিশের কোনো বক্তব্য বেলা একটা পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশে ‘মানবাধিকার’ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা নিহতের সংখ্যা ৬১ বলে উল্লেখ করে। গত ১০ জুলাই সরকারের তথ্য মন্ত্রণালয় তালিকাটি চেয়ে পাঠালে অধিকার তা দিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার জেরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয় অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের বিরুদ্ধে। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। আদিলুর রহমান খানের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন প্রভাবশালী সংস্থা ও প্রতিষ্ঠান। আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দুইবার অধিকার কার্যালয়ে গেছেন।