পুলিশের তাড়া খেয়ে নদে ডুবে ব্যবসায়ীর মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে পুলিশের তাড়া খেয়ে নদে ডুবে আলমগীর হোসেন (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ভৈরব নদে তাঁর লাশ পাওয়া যায়।
আলমগীরের বাড়ি বরিশালে। তবে ব্যবসার সুবাদে তিনি মেহেরপুর উপজেলার রশিকপুর গ্রামে নিজের জামাতা ফুলবাস খাঁর বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের সদস্য ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে রশিকপুর গ্রামে ভৈরব নদের পাশে একটি চায়ের দোকানে তাস খেলছিলেন আলমগীরসহ চারজন। জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দোকানে বসে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে আলমগীর হোসেনসহ কয়েকজন পাশের ভৈরব নদে ঝাঁপ দেন। পরে অন্যরা ফিরে এলেও আলমগীর নিখোঁজ হন। গতকাল সকাল আটটার দিকে নদে তাঁর লাশ ভেসে ওঠে।
আলমগীরের বেয়াই আনিছুর খাঁ অভিযোগ করে বলেন, ঘটনার সময় পুলিশ নদের দুই পাড়েই অবস্থান নেয়। তারা কাউকে সেদিকে যেতে দেয়নি। আলমগীর নদ থেকে উঠে আসতে না পেরে পানিতে ডুবে যান।
পুলিশ গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব। তিনি প্রথম আলোকে বলেন, মুজিবনগর পুলিশের একটি দল রোববার রাতে এ গ্রামে অভিযান চালিয়েছিল, এটা ঠিক। তবে অভিযানের কারণেই আলমগীর নদে ঝাঁপ দেন কি না, বিষয়টি নিশ্চিত নয়। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে।
ময়নাতদন্ত শেষে আলমগীরের লাশ গতকাল সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।