পুলিশের তাড়া খেয়ে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের তাড়া খেয়ে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৩৫) নামের এক মোটরশ্রমিক নিহত হয়েছেন। এর আগে মোটরশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে আহত হন অন্তত ছয়জন শ্রমিক। নিহত নজরুল উপজেলার কুঞ্জমালঞ্চা গ্রামের বাসিন্দা।পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দিনাজপুরে একটি বাসকে পথ ছেড়ে দেওয়া নিয়ে গোবিন্দগঞ্জের শ্রমিক আকতার হোসেনকে (৪৫) মারধর করেন সেখানকার মোটরশ্রমিকেরা। এর জের ধরে গতকাল বেলা তিনটার দিকে গোবিন্দগঞ্জের একদল মোটরশ্রমিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের মায়ামনি মোড়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে। এ নিয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ছয়জন। পুলিশের তাড়া খেয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাসশ্রমিক নজরুল। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে নজরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিকেরা গোবিন্দগঞ্জ শহর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন।