পুলিশের তাড়া খেয়ে মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে আসাদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুল মুলাডুলি ইউনিয়নের স্কুলপাড়া এলাকার মৃত আজিজুল সরদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে মুলাডুলি এলাকায় মহাসড়কে আসাদুলসহ কয়েকজন পিকেটিংয়ের নামে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে নাছির সরদার নামের এক ব্যক্তিকে আটক করেছে। ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন মহাসড়কে হরতালে পিকেটিংয়ের নামে দুর্বৃত্তরা যানবাহনে ডাকাতি করে আসছিল। সোমবার দিবাগত রাত দুইটার দিকে মুলাডুলি রেলগেট এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে যানবাহন আটকে চাঁদাবাজি ও ডাকাতির খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে যান। এ সময় ছিনতাইকারী দলটি পুলিশকে ঘিরে ফেলে এবং হামলার চেষ্টা চালায়। পুলিশ তিনটি ফাঁকা গুলি করে এবং তাদের ধাওয়া করে নাছির সরদারকে আটক করতে সক্ষম হয়। দৌড়ে পালানোর সময় আসাদুল পার্শ্ববর্তী কমলা নদীতে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গতকাল মঙ্গলবার সকালে ওই নদী থেকে আসাদুলের লাশ উদ্ধার করা হয়।
আসাদুলের ভাই আমিরুল ইসলাম বলেন, আসাদুল যুবদলের একজন কর্মী। তিনি মুলাডুলি ট্রাক চালক ইউনিয়নের সদস্য ছিলেন। ছিনতাইয়ের সঙ্গে আসাদুল জড়িত নন বলেজানান তিনি।