পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে চট্টগ্রামে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালক এজাহার মিয়া গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, নগরের সদরঘাট ট্রাফিক কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক মীর নজরুল ইসলাম ও সার্জেন্ট (প্রশাসন) মামুন উল হক। আদালত অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগর পুলিশের অতিরিক্ত কমিশনারকে নির্দেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, ‘আদালত অভিযোগ আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারকে বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।’
বাদী অভিযোগে উল্লেখ করেন, তাঁর ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশাটি ২০০৯ সালের ৮ জানুয়ারি নগরের পাহাড়তলী বার কোয়ার্টার এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নেয়। একই বছরের ২৩ এপ্রিল নগরের ওয়াসা মোড়ে একই নম্বরের দুটি সিএনজিচালিত অটোরিকশা দেখতে পেয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ফিরোজ কবির গাড়ি দুটি আটক করে ট্রাফিক কার্যালয়ে নিয়ে যান। একটির মালিক দাবিদার ফাতেমা বেগম নামের এক নারী গাড়িটি নিয়ে যান। অপর গাড়িটি বাদীর হারিয়ে যাওয়া গাড়ি বলে বিআরটিএতে কাগজপত্র জমা দেওয়া হলেও পরস্পরের যোগসাজশে তিন আসামি দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁরা বাদীর গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে জালিয়াতির মামলা করেন। এই মামলায় বর্তমানে জামিনে আছেন তিনি। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে কুসুম দেওয়ানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ট্রাফিক সার্জেন্ট মামুন উল হক বলেন, ‘কারও কাছে আমি ঘুষ চাইনি। এজাহার মিয়া নামের কাউকে চিনি না।’