পুলিশের তিনটি সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রযুক্তিনির্ভর তিনটি সেবা চালু করেছে। এগুলো হলো সার্ভিল্যান্স ক্যামেরা, অ্যান্ড্রয়েড মোবাইলচালিত অ্যাপ্লিকেশন ‘অ্যাপ’ ও যানবাহন চুরি ও উদ্ধার-সংক্রান্ত তথ্য ব্যাংক।
গতকাল সোমবার সিএমপি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
সিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘সীমিত সাধ্যের মধ্যে প্রযুক্তিনির্ভর তিনটি পুলিশি সেবা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে চেষ্টা করছি। এগুলো যথাযথভাবে পর্যবেক্ষণও করা হবে। যাতে কিছুদিন পর বন্ধ হয়ে না যায়।’
সংবাদ সম্মেলনের নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, এ কে এম শহীদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কীভাবে প্রযুক্তিনির্ভর তিনটি পুলিশি সেবা জনসাধারণ পেতে পারেন তা তুলে ধরেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার।
সিএমপি অ্যাপ: বাবুল আক্তার জানান, অ্যাপটির মাধ্যমে চট্টগ্রাম নগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দায়িত্বরত কর্মকর্তাদের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে চট্টগ্রামের যেকোনো স্থান থেকে সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করা যাবে। সেই সঙ্গে গুগল ম্যাপে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে। অ্যান্ড্রয়েড ভার্সনের মুঠোফোনে ডাউনলোড করে এটি ব্যবহার করা যাবে।
সিএমপির ফেসবুক পেজে সহজেই যেকোনো পোস্ট বা মেসেজ দেওয়া জন্য এতে থাকছে একটি ‘ফেসবুক বাটন’; যা সরাসরি সিএমপির সর্বশেষ তথ্য ও সেবা সম্পর্কে জানতে সাহায্য করবে। সিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য ব্যবহার করা যাবে ‘নারী বাটন’টি।
জরুরি প্রয়োজনে এই অ্যাপ্লিকেশনে থাকা যেকোনো ফোন নম্বর কোনো বন্ধুকে এসএমএস করা যাবে মাত্র এক ক্লিকেই। হঠাৎ সড়কে ঘটা কোনো দুর্ঘটনায় সিএমপির হটলাইনে জানানোর জন্য এতে রয়েছে একটি ‘কুইক কনটাক্ট বাটন’; যা ব্যবহার করে সহজেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে যেকোনো তথ্য দেওয়া যাবে সরাসরি ফোনে বা ই-মেইলে। কোনো অপরাধী সম্পর্কে পুলিশকে কোনো তথ্য দেওয়া বা ছবি পাঠানো কিংবা এলাকার কোনো অপরাধ সম্পর্কে পুলিশকে জানাতে এখন আর কষ্ট করে থানায় আসতে হবে না, মাত্র একটি ক্লিকই যথেষ্ট। এ ছাড়া অ্যাপ্লিকেশনটিতে সিএমপির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে।
যানবাহন চুরি ও উদ্ধার-সংক্রান্ত তথ্য ব্যাংক: সিএমপি কমিশনার জানান, সাধারণত চট্টগ্রামের একটি গাড়ি চুরি হওয়ার পর কুষ্টিয়ায় উদ্ধার হলে সহজে শনাক্ত করা যায় না গাড়ির মালিককে। আর মালিকও খুঁজে পান না গাড়ি। এ সফটওয়্যারে যানবাহন চুরি ও উদ্ধার-সংক্রান্ত সব তথ্য থাকবে। চুরি ও উদ্ধার-সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যাবে। উদ্ধার হওয়া যানবাহনের সঙ্গে হারানো কিংবা চুরি যাওয়া যানবাহনের সঙ্গে মিল পাওয়া গেলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট থানার ওসি ও অভিযোগকারীর কাছে খুদে বার্তা চলে যাবে।
সার্ভিল্যান্স ক্যামেরা: নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, নগরে তিন ধরনের সার্ভিল্যান্স ক্যামেরা স্থাপন করা হয়েছে। পিটিজেড ক্যামেরা, ফেস ডিটেক্টর ক্যামেরা ও ১২০০ টিভিএল ক্যামেরা। এসব ক্যামেরায় দিনে ৪০০ মিটার এবং রাতে ১০০ মিটার পর্যন্ত চিত্র ধারণ করা যাবে। বর্তমানে নগরের ১৭টি গুরুত্বপূর্ণ স্পটে ৫৬টি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে নগরে ১৫০টি ক্যামেরা বসানো হবে। ক্যামেরা বসানোর ফলে যানজট নিরসন, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য কমবে। সিএমপির কন্ট্রোল রুমে সার্ভিল্যান্স ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে। কোথাও যানজট লাগলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশকে আগাম খবর দেওয়া হবে।