পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি মামলার অর্ধেক আসামিই জামিনে বা পলাতক রয়েছেন। জামিনে মুক্ত জঙ্গিদের কঠোর নজরদারিতে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। একই সঙ্গে যাঁরা পলাতক, তাঁদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক (এপ্রিল-জুন) অপরাধ পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের উপমহাপরিদর্শক (অপরাধ ব্যবস্থাপনা) মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, সভায় জঙ্গিদের বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। জঙ্গিরা যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

দিনব্যাপী এই সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। তাদের মোকাবিলা করার জন্য পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। তিনি দেশে অবস্থানরত উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গি দমনকে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

সভায় ব্লগার হত্যা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ব্লগার হত্যার ১২টি মামলার মধ্যে একটি মামলার বিচার হয়েছে, তিনটি মামলা বিচারাধীন এবং আটটি মামলা তদন্তাধীন বলে উল্লেখ করা হয়।

সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. জহিরুল ইসলাম তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশে দায়ের মামলার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ সময়ে সারা দেশে ৪৬ হাজার মামলা হয়েছে। চুরি-ডাকাতির মতো অপরাধ কমলেও বেড়েছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন।