পুলিশের তৎপরতায় হাওরে চাঁদাবাজি আপাতত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পুলিশের তৎপরতায় ধান কাটা শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি আপাতত বন্ধ রয়েছে। কয়েক সপ্তাহ ধরে ঘোড়াউত্রা ও ধনু নদীপথে বিভিন্ন জেলা থেকে কিশোরগঞ্জের হাওরে আসা ধান কাটা শ্রমিকেরা চাঁদাবাজির শিকার হচ্ছিলেন। মিঠামইন নৌ-ফাঁড়ির পুলিশ ও বিভিন্ন সমিতির নামে ওই চাঁদা নেওয়া হচ্ছিল।এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর ৫-এর পাতায় ‘হাওরে চাঁদাবাজির শিকার শ্রমিকেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে ওই দিনই জেলা পুলিশ সুপার কার্যালয়ে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), নিকলী, মিঠামইন ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিভিন্ন সমিতির লোকজনকে নিয়ে এক বৈঠক করেন। এ সময় পুলিশ সুপার হাওরে নৌপথে চাঁদা বন্ধের নির্দেশ দেন।অষ্টগ্রাম সার্কেলের এএসপি জামাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, মঙ্গলবার জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম নৌপথে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন। এখন নৌপথে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার সকালে ঘোড়াউত্রা ও ধনু নদীতে সরেজমিনে দেখা গেছে, চাঁদাবাজির কাজে নিয়োজিত বিভিন্ন সমিতির নৌকাগুলো আগের মতো এখন আর নদীতে নেই।