পুলিশের দখলে ওয়ারী কমিউনিটি সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারী থানার জব্দ করা মোটরসাইকেলগুলো ওয়ারী কমিউনিটি সেন্টারের ভেতরে রাখা হয়েছে। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো
ওয়ারী থানার জব্দ করা মোটরসাইকেলগুলো ওয়ারী কমিউনিটি সেন্টারের ভেতরে রাখা হয়েছে। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো

পুরান ঢাকার ওয়ারীর আবদুর রহিম কমিউনিটি সেন্টারে আগে প্রতি মাসে অনুষ্ঠান হতো ২৫ থেকে ৩০টি। এখন হচ্ছে মাত্র চার থেকে পাঁচটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কমিউনিটি সেন্টারের একাংশে ওয়ারী থানা প্রতিষ্ঠার পর এখানে আর অনুষ্ঠান করার পরিবেশ নেই৷ ফলে মহল্লার মানুষ সেখানে অনুষ্ঠান করতে যান না৷
১৯৮২ সালে চারতলার আবদুর রহিম কমিউনিটি সেন্টারটি নির্মাণ করে ঢাকা সিটি করপোরেশন। ২০১২ সালে কমিউনিটি সেন্টারটির তৃতীয় তলা ও চতুর্থ তলার একাংশ ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করা হয় ‘ওয়ারী থানা’। এলাকাটি ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ওয়ারী থানার অব্যবস্থাপনা ও কমিউনিটি সেন্টারের একাংশে অবৈধ দখলের কারণে মহল্লার মানুষ পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। বিষয়টি থানাকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, আগে মহল্লার সব শ্রেণির লোকজন এই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতেন। কিন্তু বর্তমানে তাঁরা এখানে আসেন না। মহল্লার লোকজনের স্বার্থে থানাটি স্থানান্তর করা দরকার। কমিউনিটি সেন্টারটি রয়েছে ডিএসসিসির সমাজকল্যাণ বিভাগের অধীনে।
সরেজমিনে দেখা যায়, টিপু সুলতান রোডের পূর্ব মাথায় আবদুর রহিম কমিউনিটি সেন্টারের সামনে ও নিচতলায় পুলিশের জব্দ করা অর্ধশতাধিক মোটরসাইকেল এলোমেলোভাবে রাখা রয়েছে। অথচ প্রধান ফটক ও করিডরের সামনে এবং অভ্যন্তরে মোটরসাইকেল না রাখতে নোটিশ টাঙিয়ে রেখেছে ডিএসসিসি।
বর্তমানে কমিউনিটি সেন্টার বলতে শুধু নিচতলার চারপাশ আবদ্ধ একটি মিলনায়তনই ব্যবহৃত হয়। তৃতীয় তলায় চলছে ওয়ারী থানার কার্যক্রম। দ্বিতীয় ও চতুর্থ তলার প্রায় অর্ধেক দখল করে বসবাস করছেন ওয়ারী থানার পুলিশ ও আনসার সদস্যরা৷ দ্বিতীয় তলার একাংশে রয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের কার্যালয়। ছাদে পুলিশের ক্যানটিন। এ ছাড়া চতুর্থ তলার একাংশ রয়েছে ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। নিচতলায় রয়েছে ইকরা মেডিসিন সেন্টার নামের একটি ওষুধের দোকান ও একটি মুদির দোকান৷ পুরো কমিউনিটি সেন্টারটিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ।
কমিউনিটি সেন্টারটির তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম খান বলেন, এর কিছু সমস্যার কারণে মহল্লার লোকজন অনুষ্ঠান করতে চান না। এখন মাসে মাত্র চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ডিএসসিসির কোনো ধরনের অনুমতি ছাড়াই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় দেড় থেকে দুই বছর ধরে বসবাস করছেন পুলিশ ও আনসার সদস্যরা। এ ছাড়া তাঁরা নিচতলার হলরুমের পাশ দিয়েই চলাচল করেন। এতে কমিউনিটি সেন্টারে আসা লোকজন বিরক্ত হন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেছেন।
ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিটের স্থানীয় বাসিন্দা আজমল হোসেন অভিযোগ করে বলেন, ওই কমিউনিটি সেন্টারে আগে অনুষ্ঠান করার জন্য সময় পাওয়া কঠিন ছিল। আশপাশের মহল্লার মানুষও এখানে অনুষ্ঠান করতে আসতেন। কিন্তু থানা চালু হওয়ার পর বিনা দাওয়াতে কতিপয় পুলিশ ও আনসার সদস্য নিয়মিত অনুষ্ঠানে গিয়ে খাওয়াদাওয়া করতেন। এতে সেখানে অনুষ্ঠান করা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব জন্মায়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন বলেন, ডিএসসিসি থেকে ভাড়া নেওয়া অংশই থানার কাজে ব্যবহার করা হচ্ছে। জব্দ করা মোটরসাইকেল রাখার জন্য বিকল্প কোনো জায়গা নেই বলে এখানে রাখা হচ্ছে।
ডিএসসিসির সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা আবজানুল রেজা আজম বলেন, বছর খানেক আগে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলাসহ বিভিন্ন অংশ অবৈধ দখল নিয়ে ডিএসসিসির সম্পত্তি ও রাজস্ব বিভাগে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদনে দখলকারীদের কাছ থেকে ভাড়া আদায় অথবা উচ্ছেদের সুপারিশ করা হয়।