পুলিশের দাঁড়ানো পিকআপের সঙ্গে গাড়ির ধাক্কা একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ব্যক্তিগত গাড়ির ধাক্কা লেগে গাড়ির আরোহী মুস্তাসির আশরাফ ওরফে শুভ্র (২৮) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। গাড়িটি চালাচ্ছিলেন একজন তরুণী। পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শাহীনবাগ এলাকায় টহল পুলিশের একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। তখন উত্তরা থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি মহাখালী ফ্লাইওভার থেকে নেমেই পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ব্যক্তিগত গাড়িটির সামনের এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির আরোহী মুস্তাসির গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নেজামুল হক বলেন, ওই সময় পিকআপ ভ্যানে থাকায় তিনি, এক কনস্টেবল ও দুই আনসার সামান্য আহত হন।
পুলিশ ও মুস্তাসিরের পরিবার জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করা মুস্তাসির বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়ছিলেন। তাঁর বাবা সাবেক জেলা জজ কে এম আবদুল মান্নান বর্তমানে প্রেষণে আইন মন্ত্রণালয়ের অধীন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন পদে কর্মরত।
ওসি মাজহারুল জানান, মুস্তাসির পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন। ব্যবসায় তাঁর অংশীদার তরুণীও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওই তরুণী গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা উত্তরা থেকে ধানমন্ডিতে ওই তরুণীর এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। গাড়িটি মুস্তাসিরদের। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে।