পুলিশের দাবি, খুনিরা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শিবগঞ্জ খরাদিপাড়ায় বাসা থেকে ডেকে নিয়ে তরুণ ব্যবসায়ী মেহরান সিদ্দিকী ওরফে সজীব (২৬) হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। মহল্লার আধিপত্য নিয়ে একটি পক্ষ মেহরানকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করছে। গতকাল সোমবার মেহরানের ময়নাতদন্ত শেষে মহানগর পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার অভিযান শুরু করেছে।খুনি শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ছয়টি মোটরসাইকেলে থাকা ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ছয়জনই সরাসরি হত্যাকাণ্ডে ছিল। পুলিশ ছয়জনের নাম ও ঠিকানা সংগ্রহ করে তাঁদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে।পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন মেহরান। তিনি সিলেটের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছোট ছেলে। জাতীয়তাবাদী ছাত্রদলের একটি পক্ষ প্রায়ই মেহরানের বাসার সামনে গিয়ে আড্ডা দিত। বাসার সামনে আড্ডা দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মেহরান। রোববার সন্ধ্যায় এ নিয়ে ছাত্রদলের ওই পক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মেহরানকে বাসা থেকে ডেকে নিয়ে বাসার পাশে তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় কক্ষে নিয়ে কুপিয়ে ফেলে যায় হামলাকারীরা। হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টায় মেহরান মারা যান। মেহরানের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে থাকাকালে তাঁর পরিবার থেকে হত্যাকারী সন্দেহে কয়েকটি নাম পুলিশকে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ওই নামগুলো উল্লেখ করে শাহ পরান থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ওই এজাহারই পুলিশ হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করবে বলে শাহ পরান থানার ওসি জানান। জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী বলেন, ‘হামলাকারীরা ছাত্রদল করলেও ঘটনাটি রাজনৈতিক নয়। পাড়া-মহল্লায় ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যার ঘটনা ঘটেছে। তাই এ ঘটনায় জড়িতদের শাস্তি হোক—আমরাও চাই। পুলিশ ও পরিবারের পাশে আমরা আছি।’গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে পুলিশ মেহরানের মরদেহ পরিবারের জিমঞ্চায় দিয়েছে। আসরের নামাজ শেষে মানিকপীরটিলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মানিকপীরটিলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পরিবারে তিন ভাইয়ের মধ্যে মেহরান ছিলেন সবার ছোট। তাঁর বড় এক ভাই যুক্তরাজ্যে বার-অ্যাট-ল পড়াশোনা করছেন। মেজো ভাইসহ তিনি সিলেটে থাকতেন। মেহরান আর্কিড প্রকৌশলের ওপর বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে সিলেটে একটি প্রকৌশল ফার্ম খোলার প্রস্তুতি নিয়েছিলেন। পাশাপাশি তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান তিনি পরিচালনা করতেন।