রাজধানীতে গত রোববার চোরাগোপ্তা হামলা, গাড়ি পোড়ানো, ককটেল নিক্ষেপসহ ত্রাস সৃষ্টির ঘটনার পরিকল্পনা দেশের বাইরে হয়েছে বলে দাবি করেছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, রোববারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যমতে, ঘটনার চূড়ান্ত পরিকল্পনা হয়েছে দেশের বাইরে। অর্থায়নকারীদের একটি তালিকাও পাওয়া গেছে, যাদের মধ্যে দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ঢাকা অচলের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা চোরাগোপ্তা হামলা চালিয়েছিল।অবশ্য পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, এ তথ্যগুলো আরও যাচাই-বাছাই করা হবে। ঘটনার পরিকল্পনা পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করা গেলে ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। তাই এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মনিরুল ইসলাম জানান, রোববারের ঘটনায় পুলিশের দায়ের করা ১১টি মামলায় ছয়-সাত হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এটা ঠিক নয়, আসামি করা হয়েছে ৫০০ থেকে ৬০০ জনকে।