‘

অবরুদ্ধ’ সাতক্ষীরায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। রোববার রাতে জেলার চারটি উপজেলার আটটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজন জামায়াত-শিবিরের কর্মী নিহত হয়েছেন বলে পুলিশ সূত্র জানায়। তবে জেলা জামায়াত দাবি করেছে, নিহতের সংখ্যা দুই।
পুলিশ জানিয়েছে, ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ভাঙচুর করেছে এবং একটি বাড়ি পুড়িয়ে দিয়েছে।
ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত আজ মঙ্গলবার সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ২৬ দিন ধরে প্রকাশ করা গণমাধ্যমের খবরে দেখা যায়, এই জেলায় পিটিয়ে, কুপিয়ে বা জবাই করে আওয়ামী লীগের নয়জন নেতা-কর্মীকে হত্যা করেছে জামায়াত-শিবির। একই সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের তিনজন কর্মী নিহত হন। এ ছাড়া অবরোধকারীদের কেটে ফেলা গাছের নিচে পড়ে এক নারী নিহত হন এবং স্থানীয় এক আওয়ামী লীগের এক কর্মীর নয় বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
একই সময় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ৭০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এই সময়ে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক ও দুজন সংবাদপত্রসেবী। রাস্তা ও গাছ কেটে সাতক্ষীরা শহরের সঙ্গে জেলার অন্যান্য উপজেলা ও পুরো দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে গ্রামাঞ্চলে তাণ্ডব চালানো হয়।
এই পরিস্থিতিতে এই এলাকায় যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারি সূত্র জানায়। রোববার রাতের অভিযানে ১২৫ জন পুলিশ সদস্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য ৮০ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ প্লাটুন সদস্য অংশ নেন। রাত একটা থেকে সকাল নয়টা পর্যন্ত যৌথ বাহিনী প্রথম দফায় কলারোয়া উপজেলার সরসকাঠি, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি, দেবহাটা উপজেলার পদ্মশাঁখরা, সখীপুর, কালীগঞ্জ উপজেলার ভদ্রখালি, উজিরপুর ও আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালি এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি এলাকায় গেলে জামায়াত-শিবিরের কর্মীরা এক জোট হয়ে যৌথ বাহিনীর ওপর হামলা চালান। তাঁরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বোমা, ককটেল ছোড়েন। যৌথ বাহিনী পাল্টা গুলি ছোড়ে। এ সময় আগরদাড়ি এলাকার সাতানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) নিহত হন। তিনি শিবিরের কর্মী বলে জানা গেছে।
যৌথ বাহিনীর অপর একটি দল সদর উপজেলার পদ্মশাঁখরা এলাকায় রাত দুইটার দিকে অভিযানে যায়। সেখানেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান। যৌথ বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে গুলিতে দুজন নিহত হন। তবে নিহত ব্যক্তিদের লাশ বা নাম-পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় রাত চারটার দিকে অভিযানে যায় যৌথ বাহিনী। সখীপুর বলফিল্ড এলাকায় পৌঁছালে একই কায়দায় যৌথ বাহিনীর ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এখানে যৌথ বাহিনীর গুলিতে অজ্ঞাত দুজন নিহত হন। গুলিবিদ্ধ হন দক্ষিণ পারুলিয়া গ্রামের আবদুর রউফ (৪৫) ও দেবহাটার রিয়াজুল ইসলাম (৩০)। তাঁদের গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলারোয়া উপজেলার সরসকাঠি এলাকায় রাত চারটার দিকে যৌথ বাহিনীর অপর একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। যৌথ বাহিনীর অপর দুটি দল অভিযান চালায় কালীগঞ্জ উপজেলার ভদ্রখালি ও উজিরপুর এবং আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালি এলাকায়। তবে তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল দুপুরের পর আবার যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরা শহরের কয়েকজন ব্যক্তি জানান, যৌথ বাহিনীর এ অভিযানের ফলে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আতঙ্কিত হয়ে যাঁরা বাড়ি ছেড়েছিলেন তাঁরা আবার বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছেন।
অভিযানে হতাহতের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, রোববার রাতে অভিযানে পাঁচজন নিহত হয়েছেন। একজনের নাম-পরিচয় জানা গেছে। অন্য চারজনের মৃতদেহ হয়তো কৌশলগত কারণে লুকিয়ে ফেলেছে জামায়াত-শিবির। তাই তাদের পরিচয় পাওয়া যায়নি।
অভিযানে কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা জামায়াত-শিবিরের কর্মী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ অভিযান চলবে বলে পুলিশ সুপার জানান।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, তাঁদের দুজন কর্মী নিহত হয়েছেন। এর মধ্য থেকে সদর উপজেলার সাতানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে এবং আতঙ্কের কারণে একই উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের সাহেব বাবু (৪০) হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
এই জামায়াত নেতা দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে এবং আটক কাউকে খুন করার পরিপ্রেক্ষিত তৈরি করার জন্য নিহত ব্যক্তির সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, যৌথ বাহিনীর ছত্রচ্ছায়ায় বেশ কয়েকজন জামায়াত-সমর্থকের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
১৮ দলের গত ২৬ নভেম্বর থেকে তিন দফায় ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সাতক্ষীরা কার্যত ‘আতঙ্কের জনপদে’ পরিণত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করেনি বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় ১১ ডিসেম্বর ব্যর্থতার অভিযোগে জেলার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়।
হরতাল আহ্বান: সাতক্ষীরায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত। জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদার সই করা বিবৃতিতে বলা হয়, হত্যা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।
সর্বশেষ: সাতক্ষীরায় জামায়াতের ঘাঁটি বলে পরিচিত আগরদাড়ি ও বৈকারি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। গতকাল বেলা তিনটা থেকে পরিচালিত অভিযান রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে যৌথ বাহিনী দুই শতাধিক গুলি বর্ষণ করে। সড়কে গাছ কেটে ব্যারিকেড দেওয়ার সময় সাতক্ষীরার তালা উপজেলার বড়বিলা গ্রামের আবুল কালাম (৩০) ও আগরদাড়ি গ্রামের আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা-ঘোনা সড়কে জামায়াত-শিবিরের দেওয়া ব্যারিকেড যৌথ বাহিনী বুলডোজার দিয়ে সরিয়ে দিয়েছে।
সাতক্ষীরা সদরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আগরদাড়ি এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে জামায়াত-শিবির। তাদের ছত্রভঙ্গ করতে দুই শতাধিক ফাঁকা গুলি ছুড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকার ক্ষুব্ধ জনতা জেলা জামায়াতের আমির এবং সদর উপজেলা জামায়াতের পশ্চিম জোনের আমির আবদুল গফ্ফারের বাড়ি ভাঙচুর করে।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর বেপরোয়া গুলিবর্ষণ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে যৌথ বাহিনী। এতে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।