পুলিশের দাবি লাফ দেন বিপ্লব, বন্ধুর না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে যাত্রীবাহী বাসের নিচে চাঁপা পড়ে মারা যাওয়া যুবক বাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে দাবি করছে পুলিশ। পুলিশের দাবি, সিটে বসা নিয়ে বাসের আরও দুই যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই যুবক চলন্ত বাস থেকে লাফ দিয়েছিলেন। তবে ঘটনার সময় যুবকের সঙ্গে থাকা বন্ধু বলছেন, এক যাত্রী চলন্ত বাস থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় যুবকটির মৃত্যু হয়।
শনিবার রাতে হাতিরঝিলে বিপ্লব মাহাব নামে এক যুবককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বাসের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুই যাত্রী কলেজছাত্র নাফিউল ও সীমান্তকে আটক করে ঘটনার পরপরই। মাহাবের বাড়ি রাজশাহীর বাঘার আড়পাড়া গ্রামে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কাজ করতেন। তাঁর বাবা আবদুল ওয়াহাব মণ্ডল
সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, সিটে বসা নিয়ে মাহাবের সঙ্গে দুই কলেজছাত্রের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহাব লাফ দিয়ে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হন।
ঘটনার সময় মাহাবের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু হাসান মাহমুদ। মাহাবসহ তাঁরা তিনজন রাত আটটার দিকে হাতিরঝিল রেইনবো মোড় থেকে হাতিরঝিল চক্রাকার বাসে ওঠেন। হাসান মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, হাতিরঝিল চক্রাকার বাসগুলোর সিট অনেকটা বেঞ্চের মতো। তাঁরা সিটে বসার পর তাঁদের পাশে একটু জায়গা খালি ছিল। তখন বাসে ওঠা দুই কলেজছাত্রের একজন এসে ওই জায়গাটিতে বসতে চায়। মাহাব তখন তাকে একটু পেছনে গিয়ে খালি জায়গায় বসতে বলেন। এ নিয়ে দুই কলেজছাত্র উচ্চ স্বরে কথা বলা শুরু করে। পাশ থেকে আরেকজন যাত্রীও তাদের বাজে ব্যবহার না করার জন্য বলেন। একসময় মাহাব উঠে দাঁড়ালে দুজনের একজন তাঁর কলার চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা বাসের সামনের দিকে চলে যায়। বাসচালক এমনটি দেখে বাস না থামিয়ে চালাতেই থাকেন। বাসের গেটটিও ছিল খোলা। একসময় দুজন গেটের সামনে গেলে ওই কলেজছাত্র মাহাবকে ধাক্কা দেয়। বাসের সিঁড়িতে পা ফসকে মাহাব নিচে পড়ে যান। বাস চলন্ত থাকায় চাকার নিচে পিষ্ট হন তিনি।
পুলিশের দাবির বিষয়ে হাসান মাহমুদ বলেন, এটা পুরোপুরি অযৌক্তিক। একটা লোকের সঙ্গে বাগ্বিতণ্ডা বা ধস্তাধস্তির সময় কেউ চলন্ত বাস থেকে লাফ দিতে যায় কি না, সেই প্রশ্ন তাঁর।
মাহাবের চাচাতো ভাই আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে তাঁরা মাহাবের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছেন। সেখানেই তাঁকে দাফন করা হবে।