পুলিশের দায়িত্বে অবহেলা শ্রমিক মজিবরের মৃত্যুর কারণ
রাজধানীর তুরাগ নদে ডুবে পরিবহনকর্মী মজিবরের মৃত্যুর জন্য পুলিশ ও তাদের সোর্সকে (তথ্যদাতা) দায়ী করেছে তদন্ত কমিটি। পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ তুলেছে কমিটি। তদন্ত প্রতিবেদনে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।গত বছরের ২ জুলাই তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় পরিবহনকর্মী মজিবর রহমানের লাশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মজিবরকে গ্রেপ্তার করার পর তিনি হেফাজতে থাকা অবস্থায় নদীতে ঝাঁপ দেন। স্বজনদের অভিযোগ, রাজধানীর দারুসসালাম থানার পুলিশ তাঁকে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। পরে আদালতের নির্দেশে ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মোস্তফাকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি আদালতে তাদের প্রতিবেদন পাঠিয়েছে।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান প্রথম আলোকে বলেন, তুরাগ নদে ডুবে মজিবরের মৃত্যুর জন্য তদন্ত কমিটি পুলিশ কর্মকর্তাদের ব্যাপক গাফিলতি ও মিথ্যাচারের প্রমাণ পেয়েছে। গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে থাকার সময় মজিবর পানিতে ঝাঁপ দিয়েছেন, যার দায়দায়িত্ব তাদের ওপর বর্তায়। মজিবর পানিতে ঝাঁপ দেওয়ার পর পুলিশের যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা নেওয়া হয়নি উল্লেখ করে তিনি মন্তব্য করেন, তাদের গাফিলতির জন্য লোকটিকে প্রাণ দিতে হয়েছে।তদন্ত কমিটির অভিমত: নৌকার মাঝি, মেলারটেক ঘাটের লোকজন ও আশপাশের বাসিন্দাদের বক্তব্য এবং পুলিশ সদস্যদের কথা বিশ্লেষণ করে তদন্ত কমিটি সহকারী দারোগা আবু সায়েম, কনস্টেবল জিয়াউর রহমান ভূঁইয়া ও সোর্স নয়নকে মজিবরের নদীতে ঝাঁপ দেওয়া এবং এরপর তাঁকে উদ্ধারে ব্যর্থতার জন্য দায়ী করেছে। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে হয়তো মজিবরের এ পরিণতি এড়ানো যেত। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের জেরেই মজিবর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। তাই একে পুলিশ হেফাজতে মৃত্যু বলা না গেলেও দুজন সদস্যের দায়িত্ব পালনে চরম অবহেলার কারণে সংঘটিত মৃত্যু হিসেবে আখ্যায়িত করা যায়।এ প্রসঙ্গে জানতে চাইলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, অভিযোগ ওঠার পর সহকারী দারোগা আবু সায়েম ও কনস্টেবল জিয়াউর রহমান ভূঁইয়াকে বরখাস্ত করা হয়।পুলিশ তখন যা বলেছিল: মজিবরের মৃত্যুর বিষয়ে পুলিশের বক্তব্য ছিল, ২ জুলাই সকালে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নসহ তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃতের বাবা মো. ইব্রাহিম ওরফে ইউনুছ আলী বাদী হয়ে মহিবুর, কাজল ও নয়ন নামের তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মহিবুর ও কাজলকে গ্রেপ্তার করেছে।মজিবরের বাবার কথা: মো. ইব্রাহিম তাঁর সন্তানের মৃত্যুর জন্য দায়ী বলে সন্দেহভাজন পুলিশ সদস্যদের বরখাস্তে খুশি নন। তিনি তাঁদের ফাঁসি চান। ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনি চার পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পরে আদালতে আবেদন করে মামলা থেকে চার পুলিশের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। আর বাকি তিনজন হলেন পুলিশের সোর্স মহিবুর, কাজল ও নয়ন। এঁদের মধ্যে মহিবুর ও কাজল বর্তমানে কারাগারে রয়েছেন। নয়ন পলাতক।স্বজনদের ভাষ্যে ঘটনা: মজিবরের মা আনোয়ারা বেগম বলেন, ১ জুলাই সন্ধ্যায় তুরাগের ওপারে মেলারটেকের শ্বশুরবাড়ি থেকে ছেলে ইকবালকে নিয়ে মজিবর ফিরছিলেন নদীর এপারে গাবতলী বাগবাড়ির নিজের বাসায়। তখন মেলারটেক ঘাট থেকে তাঁকে মারধর করে ধরে নিয়ে যায় পুলিশের লোকেরা। পরের দিন সকালে মেলারটেক এলাকায় নদীতে মজিবরের লাশ পাওয়া যায়। সাত বছর বয়সী ছেলে ইকবালকে সেদিন ফুটবল কিনে দিতে চেয়েছিলেন মজিবর। কিন্তু ফুটবল কেনা হয়নি। ইকবাল পরিবারের অন্যদের বলেছে, তার সামনেই হাতকড়া পরিয়ে, গলায় রশি বেঁধে পেটানো হয় তার বাবাকে। ইকবাল এখনো দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। তার দাদি আনোয়ারা বেগম বলেন, ‘ঘুম থিকা মাঝে মাঝে আইৎকা (চমকে) উডে। রাইতে ঘুম থিকা উইঠ্যা কান্দন শুরু করে বাপের লাইগা।’ কমিটির অন্যান্য সুপারিশ: কমিটির প্রতিবেদনে দেওয়া সুপারিশে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কর্তৃক গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত একই বিভাগের কর্মকর্তা দিয়ে না করে দেশের অন্যান্য এলাকার মতো ক্ষেত্রমতে বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।এ ছাড়া সরকারি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশকে যথেষ্ট সতর্ক থাকতে বলা হয়েছে। কমিটি ন্যায়বিচারের পথ সুগম করতে অবিলম্বে সব জেলা ও মেট্রোপলিটন এলাকার জন্য কেন্দ্রীয়ভাবে স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনেরও সুপারিশ করেছে। এ ছাড়া প্রতিটি থানায় সোর্সের তালিকা তৈরি ও সংরক্ষণে পুলিশ প্রশাসনকে অভ্যন্তরীণ নীতিমালা তৈরি করতে হবে। সোর্সদের প্রদেয় টাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ন্যস্ত করার কথাও বলা হয়েছে সুপারিশে।