পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে দুই শিশুসন্তানসহ মা ফারজানা রিতার ‘প্ররোচিত আত্মহত্যার’ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের অবহেলার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রিতার নিজের ও শ্বশুর শফিকুল কবিরের পরিবারের সদস্যরা গতকাল এ ঘটনায় সাক্ষ্য দিয়েছেন।পুলিশ সূত্র জানায়, রিতার মৃত্যুর আগে ওই ঘটনা নিয়ে পুলিশ কর্মকর্তারা কী ধরনের দায়িত্ব পালন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহরিয়ার আল মামুন বিষয়টি তদন্ত করছেন। রিতার মৃত্যুর আগে শ্বশুর শফিকুল কবির ও স্বামী রাশেদুল কবির জোর করে একটি স্ট্যাম্পে তাঁর সই নিয়েছিলেন। ওই স্ট্যাম্পে রিতাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। এ ছাড়া স্বামীর দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই—এমন অঙ্গীকারনামাতেও রিতার স্বাক্ষর নেওয়া হয়েছিল। রিতার পরিবার অভিযোগ করেছে, কদমতলী থানার দারোগা গোলাম কিবরিয়া ওই ঘটনার সময় দিনভর সেখানে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে রিতার স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনার পরই রিতা ও তাঁর দুই সন্তান ইশরাক পাবন (১৩), রাইসা রাশমিন পায়েল (১১) আত্মহত্যা করে। সহকারী পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন প্রথম আলোকে জানান, দারোগা কিবরিয়ার দায়িত্বে অবহেলা নিয়ে দুই পরিবারের সাক্ষ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যার কারণ ও পারিবারিক বিরোধ বিষয়ে বিভিন্ন কথা অভিযোগের আকারে ঘরের দেয়াল ও কাগজে লিখে যান। এ ঘটনায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল কবির ও তাঁর ছেলে রাশেদুলসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।