এবার চট্টগ্রাম আদালতে দায়িত্বরত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
তাঁরা হলেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ ও সহকারী কমিশনার (প্রসিকিউশন) নুরুল হুদা। এর আগে সাত পুলিশকে প্রত্যাহার করা হয়েছিল। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান শুক্রবার প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তদারকি না করায় আদালতে দায়িত্বরত একজন অতিরিক্ত উপকমিশনার ও একজন সহকারী কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তে আরও কারও বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনার মহোদয় প্রত্যাহারের এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের হাজতখানা, ‘হাতকড়া হাতে ওরা কারা’ শিরোনামে প্রথম আলোতে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী আদালতের হাজতখানায় দায়িত্বরত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা ও আদালতের নিরাপত্তা জোরদার করতে নগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেন।