রাজধানীর রামপুরায় চোরাচালানের সোনা পুলিশের আত্মসাতের মামলায় পুলিশের দুই সহকারী কমিশনারসহ (এসি) নয় সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় গতকাল রোববার দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
গতকাল যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের এসি জুয়েল রানা, ডেমরার এসি মাঈনুল ইসলাম, পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর, এএসআই আবুল বাশার মিয়া, নায়েক মো. শাখাওয়াত হোসেন, কনস্টেবল এ কে আজাদ, মো. আবুল হাসান, মো. সাইফুল আলম ও নয়ন কুমার।
১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হলেও পরিদর্শক মো. রফিকুল ইসলাম আসেননি। গত বৃহস্পতিবার পুলিশের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।
চলতি বছরের ১৩ মার্চ রামপুরা থানার পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে চোরাচালানের ১৬৫টি সোনার বার আত্মসাতের অভিযোগ ওঠে।