পুলিশের দুই কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকারীদের সঙ্গে আপস করার পরামর্শ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বরগুনার বেতাগী থানার ওসিসহ দুই কর্মকর্তাকে ১৫ ফেব্রুয়ারি তলব করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। গতকাল বুধবার প্রথম আলোতে ‘মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!’ শীর্ষক প্রতিবেদনটি আদালতে নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওসি মো. শাহ আলম ও সহকারী উপপরিদর্শক মো. ফারুক হোসেনকে তলব করেন। আদালত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ঘটনার শিকার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন।আদালতের দৃষ্টি আকর্ষণকারী আইনজীবী আলী আহমেদ খোকন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, জিডিটি কেন মামলা হিসেবে গ্রহণ করা হয়নি, তা জানাতে ওসি এবং পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে উত্ত্যক্তকারীদের সঙ্গে আপস করার পরামর্শ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে ওসি ও সহকারী উপপরিদর্শককে ১৫ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বরগুনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বেতাগী উপজেলার এসএসসি পরীক্ষার্থী মেয়েটির ব্যাপারে বখাটেদের কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ করার ঘটনায় গতকাল তাঁর বাবা বেতাগী থানায় লিখিতভাবে আরও একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) আকারে নথিভুক্ত করে।